ভিডিও কলের ছবি
শেষ আপডেট: 29 December 2024 14:17
দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ করে ভিডিও কল। অন্য পারে পুলিশের পোশাক পরা এক ব্যক্তি। অন্ধেরী পূর্ব থানার পুলিশ হিসেবে নিজের পরিচয় দিয়ে কিছু বলতে যাচ্ছিলেন, তক্ষুনি তাঁকে থামিয়ে দিয়ে যুবক বললেন, 'স্যার, পুলিশের নকল উর্দিতে আপনাকে কিন্তু বেশ মানাচ্ছে।' ব্যাস তাতেই থতমত খেয়ে যান প্রতারক।
পাল্টা কিছু একটা বলতে যাবেন, এমন সময় যুবক তাঁর সারমেয়কে মোবাইলের স্ক্রিনের সামনে ধরলেন। বললেন, 'স্যার এই যে, আমাকেও দেখে নিন। গ্রেফতার করবেন না আমাকে?' ঘটনা এই পর্যন্তই। তারপর ফোন কেটে যায়।
View this post on Instagram
ডিজিটাল অ্যারেস্টের বাড়বাড়ন্তে যখন দেশের ইতিউতি প্রতারণার খবর সামনে আসছে, সেই আবহে মুম্বইয়ের এক যুবকের কৌশলে চাপে পড়ল খোদ প্রতারক। যে যুবকের কাছে পুলিশ পরিচয়ে প্রতারক ফোন করেছিলেন, সেই যুবকও অন্ধেরী পূর্ব থানা এলাকার বাসিন্দা।
ওই যুবকের দাবি, আশপাশ থেকে হামেশাই এই ধরনের প্রতারণার খবর পাচ্ছিলেন তিনি। 'ডিজিটাল অ্যারেস্ট’ নিয়ে এখন অনেকেই সচেতন হচ্ছেন। কিন্তু পাল্টা প্রতারককে তিনি যে কায়দায় প্যাঁচে ফেলেছেন তা প্রশংসনীয়।
ধমকানি-চমকানি দিয়ে, ভয় দেখিয়ে ঠগবাজ 'পুলিশের' এ যাত্রায় কার্যসিদ্ধি হল না। তাঁর প্রতারণা ধরে ফেলেছেন বুঝতে পেরেই 'দুষ্টু লোক' ভ্যানিশ।