
শেষ আপডেট: 28 January 2024 14:24
দ্য ওয়াল ব্যুরো: ভারত জোড়ো যাত্রা শুরু হওয়ার পর অসমে একাধিকবার বাধার মুখে পড়ে কংগ্রেস। পরিস্থিতি এমন জায়গায় চলে যায় যে, রাহুল গান্ধীর বিরুদ্ধে পুলিশকে মামলা দায়েরের নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। মামলা দায়ের হয়ও। কিন্তু হিমন্তের এও অভিযোগ ছিল, রাজ্যে নাকি রাহুলের ‘বডি ডাবল’ ব্যবহার করা হয়েছিল। তাঁকে খুঁজে বের করা হবে বলে এদিন হুঁশিয়ারি দেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
অসমের মু্খ্যমন্ত্রীর অভিযোগ ছিল রাহুল গান্ধীর নেতৃত্বে এই যাত্রা সাধারণ মানুষকে উস্কানি দিচ্ছে। রাজ্যের শান্তি নষ্ট হচ্ছে কংগ্রেসের এই কর্মসূচির জন্য। তবে এর পাশাপাশি তিনি আরও অভিযোগ করেছিলেন, অসমের রাস্তায় রাহুল গান্ধী তাঁর ‘বডি ডাবল’ ব্যবহার করেছিলেন। রবিবার হিমন্তের হুঁশিয়ারি, যাকে ‘বডি ডাবল’ হিসেবে ব্যবহার করা হয়েছে তাঁকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করা হবে।
হিমন্তের দাবি ছিল, তিনি এমনি এমনি কোনও কথা বলেন না। কে ‘বডি ডাবল’ ছিল, তার কী নাম, কোথায় থাকে, সব তিনি খুঁজে বের করবেন। উল্লেখ্য, অসমের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও দিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। রাহুল গান্ধী সহ কংগ্রেসের একাধিক নেতা-নেত্রী এবং কর্মচারীদের সুরক্ষা নিশ্চিত করার আর্জি জানিয়েছিলেন তিনি।