
শেষ আপডেট: 3 October 2024 16:36
দ্য ওয়াল ব্যুরো: ইসলামির দূনিয়ার যে কোনও কিছুকেই দেশের রাজনীতিতে টেনে আনাতে বিজেপিতে বিস্তর নাম করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার হরিয়ানায় দলের প্রচারে ইজরায়েল-হিজবুল্লার লড়াইয়ের প্রসঙ্গ টেনে দীর্ঘ ভাষণ দেন হিমন্ত। লেবাননে হিজবুল্লাহ প্রধান নসরুল্লাহকে হত্যা করেছে ইজরায়েল। হিমন্ত বলেন, হে ভগবান, ইজরায়েলকে এমন শক্তি দাও যাতে তারা সব নসরুল্লাহকে খতম করতে পারে।
এরপরই অসমের মুখ্যমন্ত্রী যোগ করেন, ইজরায়েল যেভাবে নসরুল্লাহ-সহ হিজবুল জঙ্গিদের খতম করছে, ভারতেও একইভাবে আতঙ্কবাদীদের নিকেশ করা হবে। জনতার উদ্দেশে অসমের মুখ্যমন্ত্রী বলেন, হরিয়ানায় কংগ্রেস ক্ষমতায় চলে এলে পাকিস্তান জিন্দাবাদ ধ্বনী উঠবে। খবরদার ওই ভুল করবেন না। কংগ্রেস যেন ক্ষমতায় ফিরতে না পারে।
হরিয়ানায় বিধানসভা নির্বাচনের জন্য ভোট নেওয়া হবে শনিবার। বৃহস্পতিবার প্রচারের শেষ লগ্নে উগ্র হিন্দুত্বের পালে হাওয়া দেওয়ার মরিয়া চেষ্টা চালান ‘উত্তর-পূর্বের যোগী আদিত্যনাথ’ বলে খ্যাত অসমের মুখ্যমন্ত্রী। দু’দিন আগে যোগীও হরিয়ানায় গিয়ে হিন্দুত্বের বাজনা বাজিয়ে আসেন। শেষ লগ্নের প্রচারে হিমন্ত কংগ্রেসকে অনুপ্রবেশ নিয়েও আক্রমণ করেন। বলেন কংগ্রেসের তোষণ নীতি এমন যে কে স্বদেশি আর কে বিদেশি বিচার করে না। অনুপ্রবেশকারীদের নিয়ে ভোট ব্যাঙ্ক বানিয়েছে দলটি।
হিমন্তের কথায়, কংগ্রেস দেশ শাসনের সুযোগ না পেলে ৭৫ বছর আগেই অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়ে যেত। তা সম্ভব হয়নি কংগ্রেস বাবরের বংশধরদের তোষামোদ করায়।