
শেষ আপডেট: 31 January 2024 07:49
দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেনকে আজ ফের তলব করেছে ইডি। গতকাল হেমন্তের বাড়িতে তল্লাশি চালিয়ে তার বিএমডব্লিউ গাড়ি বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। কিন্তু হেমন্তের দেখা মেলেনি। আজ ইডির অফিসে হাজিরা দিতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আজ তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে। তবে আজ হেমন্ত সোরেন ইডির অফিসে হাজিরা দেওয়া পর কেন্দ্রীয় এজেন্সি কোনও বড়সড় পদক্ষেপ করবে কিনা সে নিয়েও জল্পনা জোরালো হচ্ছে। সেই সঙ্গে আরও এক সম্ভাবনার কথা উঠে আসছে। হেমন্তের যদি জেল হয় তাহলে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে পারেন তাঁর স্ত্রী কল্পনা সোরেন।
সোমবার সকালে বেশ কয়েক জন ইডি আধিকারিককে হেমন্তের বাড়িতে ঢুকতে দেখা যায়। ঝাড়খণ্ডের শাসকদল জেএমএম সূত্রে আগেই জানা গিয়েছিল যে, বর্তমানে দিল্লিতেই রয়েছেন শিবু সোরেনের পুত্র হেমন্ত। ন’বার ইডির তলব এড়ানোর পরে গত শনিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে নতুন করে সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারীরা। প্রথমে তাঁকে ২৭ থেকে ৩১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রক্রিয়ায় অংশ নিতে বলা হয়। কিন্তু মুখ্যমন্ত্রীর তরফে কোনও উত্তর না পেয়ে পরে তাঁকে ২৯ কিংবা ৩১ জানুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য সময় রাখতে বলা হয়। কিন্তু সেই সমনের কোনও জবাব দেননি হেমন্ত। বরং ঝাড়খণ্ড ছেড়ে সোজা চলে যান দিল্লিতে। চেষ্টা করেও হেমন্তের গতিবিধির খোঁজ পাননি ইডি আধিকারিকরা। তাই শেষপর্যন্ত তাঁর গাড়ি বাজেয়াপ্ত করা হয়। আজ ৩১ তারিখ ফের তাঁর হাজিরা দেওয়ার দিন। আজ সব নজরই থাকবে ঝাড়খণ্ডের দিকে।
কয়েক দশক আগে বিহারে লালু প্রসাদ যাদব নিজের স্ত্রী রাবরি দেবীকে মুখ্যমন্ত্রী করেছিলেন। এবার সেই পথেই নাকি হাঁটতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কল্পনা সোরেন বিধায়ক নন। যদি এমন কোনও পরিস্থিতি তৈরি হয় যে তাঁকে মুখ্যমন্ত্রীর পদের জন্য শপথ নিতে হবে, তাহলে শপথ নেওয়ার মাস ছয়েকের মধ্যে তাঁকে কোনও না কোনও উপনির্বাচনে জিতে বিধায়ক হতে হবে। সেই পথও মসৃণ নয়। সেখানেও জটিলতা আছে। আর ঝাড়খণ্ডের বর্তমান বিধানসভার কার্যকালের মেয়াদ ফুরোচ্ছে চলতি বছরের নভেম্বরে।
কে এই কল্পনা সোরেন? ঝাড়খণ্ডের রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছেন হেমন্ত-ঘরণী। ইডির তলবেও সাড়া না দেওয়ায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর গ্রেফতারির জল্পনা রটে গিয়েছে। আর তেমনটা হলে রাজ্যপাট সামলানোর দায়িত্ব যেতে পারে কল্পনা সোরেনের কাঁধে।
১৯৭৬ সালে রাঁচিতে জন্ম কল্পনা সোরেনের। আদতে তিনি ওডিশার ময়ূরভঞ্জের মেয়ে। ব্যবসায়ী পরিবারে বড় হওয়া কল্পনার ঝুলিতে রয়েছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। এমবিএ-ও করেছেন তিনি। ২০০৬ সালের ৭ ফেব্রুয়ারি তিনি হেমন্ত সোরেনকে বিয়ে করেন। হেমন্ত ও কল্পনার দুই সন্তান রয়েছে নিখিল এবং অংশ। জানা গেছে, অর্গানিক ফার্মিংয়ের সঙ্গে যুক্ত কল্পনা। একটি স্কুলও চালান তিনি। তিনটি কমার্শিয়াল বিল্ডিংয়ের মালিকানা রয়েছে তাঁর নামে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেন, সরফরাজের গান্ডে কেন্দ্র থেকে ভোটে লড়ে বিধায়ক হতে পারেন হেমন্ত সোরেনের স্ত্রী। এবং পরবর্তীতে তিনিই হবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।