
পুনেতে হেলিকপ্টার দুর্ঘটনা
শেষ আপডেট: 24 August 2024 18:46
দ্য ওয়াল ব্যুরো: আবহাওয়া খুব একটা ভাল যাচ্ছে না মহারাষ্ট্রের। লাগাতার বৃষ্টি হচ্ছে এবং তার জেরেই বন্যা পরিস্থিতি। এদিকে বৃষ্টির সঙ্গেও চলছে ঝড়। এর জেরেই বড় দুর্ঘটনা ঘটে গেল পুনেতে। নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার। সেই সময়ে তাতে ছিলেন ৪ জন।
মুম্বইয়ের জুহু থেকে এডব্লিউ ১৩৯ হেলিকপ্টারটি উড়েছিল হায়দরাবাদ যাবে বলে। কিন্তু পুনের পৌদ এলাকায় সেটি ভেঙে পড়ে। স্থানীয় সূত্রে খবর, ভেঙে পড়ার সময়ে ওই এলাকার আবহাওয়া মারাত্মক খারাপ ছিল। বৃষ্টিতে কার্যত কিছু দেখা যাচ্ছিল না, তার সঙ্গে ছিল ঝড়। ফলে নিয়ন্ত্রণ রাখতে পারেনি কপ্টারটি। ঘটনায় কারও মৃত্যু না হলেও পাইলট গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি। বাকিদের আঘাত লাগলেও তা আশঙ্কাজনক নয়।
যে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে সেটি গ্লোবাল ভেক্ট্রা কোম্পানির বলে জানা গেছে। স্থানীয়রা আবহাওয়ার কথা বললেও ঠিক কী কারণে এটি ভেঙে পড়েছে তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। এর আগে মে মাসেই আরও একটি হেলিকপ্টার দুর্ঘটনার খবর সামনে এসেছিল মহারাষ্ট্রেই। সেই ঘটনাতেও অবশ্য কারও মৃত্যু হয়নি।
এই খারাপ আবহাওয়ার জেরে পুনে সহ একাধিক এলাকা থেকে অনেকেই নিখোঁজ বলে খবর মিলেছে। সাধারণ জীবনযাপনও ব্যাহত হয়েছে। একাধিক জায়গা থেকে দুর্ঘটনার খবর আসায় আমজনতার মধ্যে আতঙ্কও বেড়েছে। কোথাও গাড়ি দুর্ঘটনা ঘটছে, আবার কোথাও বিদ্যুৎপৃষ্ট হয়ে কেউ মারা গেছেন। তার মধ্যেই এই হেলিকপ্টার দুর্ঘটনার খবরে আরও আতঙ্ক সৃষ্টি হয়েছে।