জম্মু ও কাশ্মীরে চলছে টানা বৃষ্টি। যার জেরে ট্রেন লাইনে ফাটল ফাটল দেখা গেছে। কোথাও লাইন সরেও গেছে। পরিস্থিতি বিবেচনা করে জম্মু ও কাটরা স্টেশন থেকে বাতিল করা হল ৬৮টি ট্রেন। ৩০ সেপ্টেম্বরের আগে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে না।

ফাইল ছবি
শেষ আপডেট: 3 September 2025 07:19
দ্য ওয়াল ব্যুরো: প্রবল বর্ষণে কার্যত স্তব্ধ জম্মু ও কাশ্মীর। টানা বৃষ্টি ও ভূমিধসে গত আট দিন ধরে বন্ধ জম্মু রেল বিভাগের যোগাযোগ। এই পরিস্থিতিতে জম্মু ও কাটরা স্টেশন থেকে ৬৮টি ট্রেন বাতিল করল রেল কর্তৃপক্ষ। আটকে পড়েছেন হাজার হাজার যাত্রী। দুর্ভোগে বৈষ্ণোদেবী দর্শনে যাওয়া পুণ্যার্থীরা।
জম্মু ও কাটরা স্টেশন থেকে আসা-যাওয়ার এই ৬৮টি ট্রেন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে বহু দূরপাল্লার ট্রেনও রয়েছে। তবে সূত্রের খবর, যাত্রী সুবিধার্থে ২৪টি ট্রেন ফের চালু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
২৬ অগস্ট থেকে টানা বৃষ্টি ও আকস্মিক বন্যার কারণে রেলপথ একাধিক জায়গায় সরে গিয়েছে, কোথাও আবার ভেঙে গিয়েছে ট্র্যাক। বিশেষত পাঠানকোট-জম্মু লাইনের নানা অংশে ফাটল ধরা ও মাটি সরে যাওয়ায় রেল পরিষেবা স্বাভাবিক রাখা সম্ভব হয়নি। ইতিমধ্যে কাটরা সংলগ্ন বৈষ্ণোদেবী মন্দিরের কাছে ভূমিধসে প্রাণ হারিয়েছেন ৩৬ জন।
বিভিন্ন রিপোর্ট বলছে, ১৯১০ সালের পর এমন ভয়াবহ বর্ষণ দেখেনি জম্মু। বুধবার সকাল পর্যন্ত বৃষ্টির পরিমাণ ছুঁয়েছে ৩৮০ মিলিমিটার।
এদিকে, পরিস্থিতি সামলাতে বিশেষ ট্রেন চালু করেছে রেল। জম্মু তাওয়াই-শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা রুটে চালানো হচ্ছে দু'টি শাটল পরিষেবা। পাশাপাশি চালু হয়েছে জম্মু তাওয়াই-কলকাতা ও কাটরা-নয়াদিল্লি ট্রেন। ১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জম্মু-কাটরা সেকশনে আরও চারটি ট্রেন নামানো হয়েছে শাটল পরিষেবার জন্য।
ফের চালু হয়েছে সম্পর্ক ক্রান্তি, শিয়ালদহ এক্সপ্রেস, কান্ত্রি এক্সপ্রেস, তিরুবনন্তপুরম এক্সপ্রেস ও বন্দে ভারত এক্সপ্রেস। এর মধ্যে বন্দে ভারত ৭ সেপ্টেম্বর থেকে চলবে। সাতটি বিশেষ ট্রেনে ৫,৭৮৪ জন যাত্রীকে গন্তব্যে পাঠিয়েছে ভারতীয় রেল।
আবহাওয়া দফতর জানিয়েছে জম্মু-কাশ্মীরে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কাশ্মীরের একাধিক জায়গায় প্রবল বর্ষণ হয়েছে। দক্ষিণ কাশ্মীরের কিছু এলাকায় ভারী বৃষ্টির খবর মিলেছে। যদিও এখনই ঝিলম বা অন্য কোনও নদী বিপদসীমার কাছাকাছি পৌঁছয়নি বলে জানিয়েছে প্রশাসন। তবুও সতর্ক রয়েছে সব দফতর।