.webp)
মুম্বইয়ের জলযন্ত্রণা।
শেষ আপডেট: 20 July 2024 12:06
দ্য ওয়াল ব্যুরো: জলযন্ত্রণা! সবজি বাজার থেকে রেললাইন, সড়ক মুম্বই শহরের সর্বত্রই জল থইথই অবস্থা। যার জেরে যানজট আরও তীব্রতর হয়েছে। সাধারণ আমজনতা থেকে ট্রাফিক পুলিশ, দুর্ভোগের শিকার সকলেই।
গত কয়েকদিন ধরেই মুম্বইয়ে ভারী বৃষ্টি হচ্ছে। শুক্রবার ৭৮ মিলিমিটার বৃ্ষ্টিপাতের পর শনিবার সকাল থেকেও শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। সেই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে সাগরও উত্তাল। এদিন বেলা ১১টা ২৮ মিনিটে মুম্বই শহর সংলগ্ন সাগরে ঢেউয়ের সর্বোচ্চ উচ্চতা ছিল প্রায় ৪.২৮ মিটার। ফলে সাগরের জল ঢুকে শহরের জলমগ্ন পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
আগামী ২৪ ঘণ্টা মু্ম্বই ও পালঘরে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। থানে জেলার ক্ষেত্রে জারি করা হয়েছে কমলা সতর্কতা। ফলে সংশ্লিষ্ট জায়গাগুলিতে জলমগ্ন পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
মুম্বইয়ে যানজট নতুন কিছু নয়। তবে রাস্তা জলমগ্ন হওয়ায় সেই পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠেছে। জলমগ্ন একাধিক রেললাইনও। জোয়ারের জল ঢুকে পড়েছে চুনাভট্টি ট্র্যাকেও। যার জেরে সেন্ট্রাল, ওয়েস্টার্ন এবং হারবার তিনটি লাইনেই প্রতিটি ট্রেন ১০ থেকে ২০ মিনিট পর্যন্ত দেরিতে চলছে। জলে নতুন করে প্লাবিত হয়েছে আন্ধেরি সাবওয়েও।
শুক্রবার মধ্যরাত থেকে ভারী বৃ্ষ্টি শুরু হয়েছে থানে জেলাতেও। সবজি বাজারের পাশাপাশি জলমগ্ন বাসস্ট্যান্ডগুলিও। নাগাড়ে বৃষ্টিতে শোচনীল হাল নাগপুরেও। ভারী বৃষ্টিপাতের কারণে শনিবার নাগপুরের সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে। খবরের সত্যতা স্বীকার করে নিয়ে নাগপুরের জেলাশাসক ডঃ বিপিন ইতাঙ্কর সংবাদ সংস্থাকে বলেছেন, পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবেই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারী বৃষ্টিপাতের জেরে জেলার নীচু এলাকার বহু বাড়িওএ জলমগ্ন হয়ে পড়েছে।