দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।

শেষ আপডেট: 1 October 2023 15:10
দ্য ওয়াল ব্যুরো: ছুটির পর স্কুল তখন ফাঁকা। বাড়ির পথে রওনা দিয়েছিলেন পড়ুয়া সহ শিক্ষক সকলেই। কিন্তু পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অপেক্ষা করতে বলেন প্রধান শিক্ষক। অভিযোগ, এরপর একটি ফাঁকা ক্লাস রুমে পোশাক খুলিয়ে যৌন নিগ্রহ করা হয় নাবালিকাকে। এই ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি উত্তরপ্রদেশের অযোধ্যার। অভিযোগ, সেখানকার রুদাউলি তেহশিলের একটি স্কুলে প্রধান শিক্ষকের যৌন লালসার শিকার হয় পঞ্চম শ্রেণির এক ছাত্রী। ঘটনায় পর থেকেই ভয়ে চুপচাপ হয়ে গিয়েছিল ওই পড়ুয়া। আতঙ্কে বন্ধ করে দিয়েছিল স্কুলে যাওয়াও। ঘটনাটির কিছুদিন পর মেয়ের সঙ্গে কথা বলে বাবা-মা সমস্ত বিষয়টি জানতে পারেন। যা প্রকাশ্যে আসতেই স্কুলের অন্যান্য অভিভাবকদের তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।
দশ বছরের ছাত্রী জানিয়েছে, গত ১৬ সেপ্টেম্বর শনিবার স্কুল ছুটির পর ব্যাগপত্র গুছিয়ে যখন সে বাড়ির দিকে রওনা হচ্ছিল, তখনই প্রধান শিক্ষক রিজওয়ান আহমেদের সঙ্গে দেখা হয় তার। প্রধান শিক্ষক তাকে অপেক্ষা করতে বলেন। এরপর সমস্ত পড়ুয়া এবং শিক্ষকরা চলে গেলে ওই ছাত্রীকে একটি শ্রেণিকক্ষে নিয়ে যান তিনি। ভিতর থেকে বন্ধ করে দেন দরজা। অভিযোগ, এরপর জোর করে নাবালিকার পোশাক খুলে তার গোপনাঙ্গ স্পর্শ করেন প্রধান শিক্ষক। এমনকী ঘটনাটি যাতে ছাত্রী কাউকে না বলে তার জন্য হুমকিও দেন তিনি।
এই ঘটনার পর ভয় গ্রাস করেছিল মেয়েটিকে। যদিও প্রধান শিক্ষকের শাসানির কারণে কাউকে কিছু বলতে পারেনি সে। শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে স্কুল যেতে চাইছিল না সেই ছাত্রী। শেষে বাবা-মা অনেকবার জিজ্ঞাসা করার পরই সমস্ত ঘটনাটি জানায় সে। আর মেয়ের বয়ান শুনে রীতিমত দিশাহারা হয়ে পড়েন অভিভাবকরা। এরপরই মেয়েকে নিয়ে পুলিশের দ্বারস্থ হন পড়ুয়ার বাবা। অভিযোগ দায়ের করেন স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
নির্যাতিতার বাবার অভিযোগের পরই তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত রিজওয়ান আহমেদেকে। সোশ্যাল মিডিয়ায় থানার অন্দরে অভিযুক্ত প্রধান শিক্ষকের দাঁড়িয়ে থাকার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যা দেখে সমালোচনার ঝড় উঠেছে নেটদুনিয়ায়। 'শিক্ষাজগতের লজ্জা' বলে সোচ্চার হয়েছেন নেটাগরিকরা।