
শেষ আপডেট: 17 November 2023 16:38
দ্য ওয়াল ব্যুরো: তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জনতা দল সেক্যুলারের শীর্ষ নেতা। তাতেও রেহাই মেলেনি। বেঙ্গালুরু ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শহরের একটি থানায় বিদ্যুৎ চুরির অভিযোগে এফআইআর দায়ের করেছিল দীপাবলির রাতে। থানা পুলিশ এড়াতে শুক্রবার ৬৮ হাজার ৫২৬ টাকা জরিমানা মেটালেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী।
জরিমানা মেটানোর পর রাজ্যের কংগ্রেস সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বলেন, কংগ্রেস সরকার এতটাই স্বৈরাচারী আচরণ করছে যে আমার অজ্ঞাতসারে হওয়া একটা ঘটনা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানা পুলিশ করল।
শুধু তাই নয়, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার পুত্র কুমারস্বামী আহত বোধ করছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপ মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার পর্যন্ত তাঁর বিরুদ্ধে মুখ খোলায়। দু'জনেই কুমারস্বামীকে বিদ্যুৎ চোর বলে তীব্র আক্রমণ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানের রুচি, সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন।
ঘটনার সূত্রপাত দীপাবলির রাতে। ওই রাতে টিভি চ্যানেলের খবরে দেখানো হয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীর জেপি নগরের বাড়ি আকর্ষণীয় আলোতে সেজে উঠেছে। কিন্তু বিদ্যুতের লাইন নেওয়া হয়েছে রাস্তার বিদ্যুতের পোল থেকে।
রাতেই বিদ্যুৎ বিভাগের এক ইঞ্জিনিয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে চলে যান। বিদ্যুৎ কর্মীরা গিয়ে লাইন বিচ্ছিন্ন করে দেন। ফলে অন্ধকারে ডুবে যায় কুমারস্বামীর বাড়ি।
পরদিন সকালে জানাজানি হয়, বিদ্যুৎ সংস্থা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিদ্যুৎ চুরির দায়ে এফআইআর করেছে।
কুমারস্বামীর বক্তব্য, তাঁকে রাজনৈতিকভাবে শেষ করার উদ্দেশে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাঁর কথায়, এলাকার একজন ইলেকট্রিশিয়ানকে দীপাবলির বাতি লাগানোর বরাত দেওয়া হয়েছিল। সেই ব্যক্তিই রাস্তার পোস্টের সঙ্গে বাড়ির লাইন জুড়ে দেন। কুমারস্বামীর আরও দাবি তিনি এই ব্যাপারে কিছুই জানতেন না। ওই সময় তিনি জেপি নগরের বাড়িতে ছিলেন না।