
শেষ আপডেট: 14 December 2023 00:08
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সংসদের ভেতরে ঘটে যাওয়া ধুন্ধুমার কাণ্ডে পুলিশ ৬জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে রয়েছেন এক তরুণীও। পুলিশ জানিয়েছে, ধৃত তরুণীর নাম নীলম দেবী। বাড়ি হরিয়ানার হিসারে।
গ্রেফতারের পর অন্যান্যদের মতো নীলমের বাড়িতেও গিয়েছিল পুলিশ। সংবাদ সংস্থা সূত্রের খবর, নীলমের বাড়িতে গিয়ে পুলিশ জানতে পেরেছে, এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন আন্দোলনে সক্রিয় থেকেছেন নীলম।
পুলিশকে নীলমের ভাই জানিয়েছে, ২০২০ সালে দেশের বিতর্কিত কৃষি বিলের বিরুদ্ধে তিন তিনবার কৃষকদের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তাঁর দিদি। জনমুখী বিভিন্ন আন্দোলন করা ছাড়াও নীলম সিভিস সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশকে জানিয়েছেন তাঁর ভাই।
এদিনগ্রেফতারের পর নিজেকে ‘দেশের সাধারণ নাগরিক’ হিসেবে দাবি করে নীলম জানিয়েছেন, তারা কোনও সংগঠনের সঙ্গে যুক্ত নন। নীলম বলেন, "আমি ভারতের সাধারণ নাগরিক। নিজেদের অধিকারের কথা বলতে গেলে লাঠিচার্জ করা হয়, জেলে ঢুকিয়ে অত্যাচার চালানো হয়। ই অপশাসন বন্ধ হোক। এরই প্রতিবাদ জানাতে আমরা এসেছিলা্ম।"
২২ বছরের ব্যবধানে বুধবার ফের হামলার আতঙ্ক ফিরেছে সংসদে। সংসদের ভেতরে ক্যানিস্টার নিয়ে তাণ্ডব চালায় দুই যুবক। বাইরে ছিলেন নীলম-সহ দু’জন। তাদেরও হাতে ছিল ক্যানিস্টার।
সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে দিল্লি পুলিশের দাবি, তাণ্ডবকারীরা সংখ্যায় মোট ৬জন ছিলেন। সকলকেই গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম- সাগর শর্মা, ডি মনোরঞ্জন, নীলম দেবী, অমল শিন্ডে, ললিত ঝাঁ এবং ভিকি শর্মা।
পুলিশের দাবি, নিখুঁত পরিকল্পনা করেই এই তাণ্ডব চালানো হয়েছে। অভিযুক্তরা সকলেই সংসদের ভেতরে ঢুকতে চেয়েছিলেন। কিন্তু মাত্র ২টি ভিজিটর পাস পাওয়ায় বাকি চারজন আরও দুটি ভাগে ভাগ হয়ে সংসদের বাইরে ছিল।