
শেষ আপডেট: 3 October 2024 17:37
দ্য ওয়াল ব্যুরো: রাজনীতিতে নিয়ে বাজার চলতি অনেক বিশেষণ রয়েছে। কেউ বলেন, রাজনীতি সম্ভাবনার খেলা, কেউ বলেন অনিশ্চয়তায় ভরা। আর সাম্প্রতিক কালে আয়া রাম গয়ারাম তো আকছার ঘটছে। কিন্তু বৃহস্পতিবার হরিয়ানায় যা ঘটল তা হালফিলের সমস্ত রেকর্ড যেন ভেঙে দিয়েছে।
দুপুর ১টাতে বিজেপির মঞ্চে দাঁড়িয়ে পদ্ম প্রতীকে ভোট দেওয়ার জন্য প্রচার করছিলেন হরিয়ানার সিরসা থেকে প্রাক্তন সাংসদ অশোক তাওয়ার। দুপুর ২টো নাগাদ দেখা যায়, সেই অশোক তাওয়ার মহেন্দ্রগড়ে রাহুল গান্ধীর প্রচার সভায়। কংগ্রেসে ফিরলেন অশোক।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র নেতার রাহুলের আস্থাভাজন হওয়ার কারণে একদা সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। পরে তাঁকে হরিয়ানার সিরসা থেকে লোকসভা ভোটে প্রার্থী করে কংগ্রেস। অশোক জিতে যান। ঘটনাচক্রে দিল্লির সাউথ আভেনিউতে সেই সময়ে শুভেন্দু অধিকারীর প্রতিবেশি ছিলেন অশোক। দুজনে পাশাপাশি দুটি সরকারি বাংলোয় থাকতেন।
হরিয়ানায় দলিত নেতা বলে পরিচিত অশোক। ভূপেন্দ্র সিং হুডা যখন হরিয়ানায় কংগ্রেসি মুখ্যমন্ত্রী ছিলেন তখন তাঁকে প্রদেশ কংগ্রেস সভাপতি করেছিলেন রাহুল গান্ধী। কিন্তু হুডার সঙ্গে বনিবনার অভাব ছিল অশোকের। সেই বনিবনার অভাবের কারণেই দল ছেড়েছিলেন অশোক তাওয়ার। কিছুদিনের জন্য তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। তার পর তৃণমূল থেকে চলে যান আম আদমি পার্টিতে। আবার লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন অশোক। বিজেপি তাঁকে লোকসভা ভোটে সিরসা থেকে প্রার্থীও করেছিল। কিন্তু কংগ্রেসের প্রার্থী তথা দলিত নেত্রী কুমারী সেলজার কাছে হেরে যান।
দলিত নেতা হিসাবে এবার অশোক তাওয়ারকে তারকা প্রচারক করেছিল বিজেপি। সেই মোতাবেক গত মাস খানেক ধরে লাগাতার বিজেপির জন্য প্রচারও করছিলেন অশোক তাওয়ার। এমনকি এদিন সকালেও বিজেপির জন্য ভোট চেয়ে ট্যুইট করেন। কিন্তু দুপুর গড়াতেই ভোল বদলে ফেললেন একদা রাহুলের আম আদমি কি সিপাহী। যেখান থেকে রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল, সেই কংগ্রেসেই ফিরলেন। শুধু প্রশ্ন একটাই, এর পরে হুডার আধিপত্য মানবেন তো অশোক। নাকি ফের অন্য কোনও দলে যাবেন!