দুই নাবালক পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ উঠলেও তাঁদের এখনও আটক করা হয়নি। স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দিও নেওয়া হচ্ছে। পুলিশ সুপারের কথায়, 'ময়নাতদন্তের পরই পুরো ঘটনা স্পষ্ট হবে।'

ছবি- এআই
শেষ আপডেট: 10 July 2025 18:45
দ্য ওয়াল ব্যুরো: গুরুপূর্ণিমার দিনই হরিয়ানার এক স্কুলে ঘটে গেল নৃশংস ঘটনা। প্রধান শিক্ষককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দ্বাদশ শ্রেণির দুই ছাত্রের বিরুদ্ধে। অভিযোগ, চুল কাটা এবং শৃঙ্খলা মেনে চলার কথা বলায় ওই দুই ছাত্র ক্ষিপ্ত হয়ে যায়। সেই রাগ থেকেই প্রধান শিক্ষক খুন করে তাঁরা।
আর পাঁচটা দিনের মতোই শনিবার বাদশাহপুর গ্রামের কারতার মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডারি স্কুলে পঠনপাঠন শুরু হয়। এর মাঝেই খারাপ আচরণ এবং চুল কাটা নিয়ে দুই ছাত্রকে বকা দেন প্রধান শিক্ষক জগবীর সিং। কথা চলাকালীনই ধারাল অস্ত্র নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে দু'জনে। একের পর এক আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায়ত মাটিতে লুটিয়ে পড়েন শিক্ষক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গোটা স্কুল চত্বরে শোরগোল পড়ে যায়। শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা ভয়ে এদিকে ওদিক ছুটতে শুরু করে। খবর দেওয়া হয় স্থানীয় থানায়।
হাঁসি অঞ্চলের পুলিশ সুপার অমিত যশবর্ধন জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জগবীর সিং ওই দুই ছাত্রকে বারবার চুল ছোট করে এবং ইউনিফর্ম পরে স্কুলে আসতে বলতেন। ওই দুই ছাত্রের আচরণ নিয়ে আগেও অভিযোগ উঠেছিল।
শনিবারও তিনি তাঁদের সতর্ক করেন। তাতেই ক্ষোভে ফেটে পড়ে দু'জন। একজন পকেট থেকে ফোল্ডিং ছুরি বার করে জগবীর সিংহের ওপর চড়াও হয়। একাধিকবার কোপানো হয় তাঁকে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ছুরি মারার পর দুই ছাত্র পালিয়ে যাচ্ছে এবং একজন ছুরি ছুঁড়ে ফেলে দিচ্ছে। এরপরই শিক্ষক-শিক্ষিকা এবং কিছু পড়ুয়া মিলে জগবীর সিংহকে একটি গাড়িতে তোলেন, হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, কিন্তু তার আগেই তাঁর মৃত্যু হয়।
দুই নাবালক পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ উঠলেও তাঁদের এখনও আটক করা হয়নি। স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দিও নেওয়া হচ্ছে। পুলিশ সুপারের কথায়, 'ময়নাতদন্তের পরই পুরো ঘটনা স্পষ্ট হবে।'