
শেষ আপডেট: 3 October 2024 16:12
দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানায় বিধানসভা নির্বাচনের জন্য শনিবার ভোট গ্রহণ করা হবে। বৃহস্পতিবার বিকালে ভোট প্রচার শেষ হচ্ছে। এমন সময় বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরলেন অশোক তানওয়ার।
অশোক হরিয়ানার সিরসার প্রাক্তন কংগ্রেস সাংসদ। বহু বছর হরিয়ানা কংগ্রেসের সভাপতি ছিলেন। তাঁর মতো নেতার ‘ঘরওয়াপসি’ ভোটের মুখে কংগ্রেসের সুখবর, বিজেপির জন্য বড় ধাক্কা বলে মানছে সব মহল। তবে আশ্চর্যের হল, রাহুল গান্ধীর উপস্থিতিতে মহেন্দ্ররগড়ের জনসভায় তানওয়ার কংগ্রেসের ঝাণ্ডা হাতে তুলে নেওয়ার পর থেকে মুখে মুখে ঘুরছে একটাই প্রশ্ন, হাত শিবিরের সঙ্গে কতদিন ঘর করবেন এক দলবদলু নেতা।
তানওয়াল ২০১৯-এর লোকসভা ভোটের মুখে নাটকীয়ভাবে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু পদ্ম শিবিরে তেমন গুরুত্ব না পেয়ে দু বছরের মাথায় ২০২১-এ যোগ দেন তৃণমূল কংগ্রেসে। সাসংদ থাকাকালে তৃণমূলের বহু সাংসদের সঙ্গেই তাঁর যোগাযোগ ছিল।
যদিও জোড়াফুল শিবিরে তাঁর মন টেকেনি। বছর ঘোরার আগেই যোগ দেন আম আদমি পার্টিতে। সেখানেও সুবিধা করতে না পেরে ফের বিজেপিতে ফেরেন। ২০২৪-এর ভোটে বিজেপির টিকিটে প্রার্থী হলেও জিততে পারেননি। এবার আবার পুরনো দলে ফিরলেন সেই নাটকীয় কায়দায়।
ভোটের প্রচারে রাহুল গান্ধী বৃহস্পতিবার হরিয়ানায় ছিলেন। সঙ্গী ছিলেন রাজ্যের প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুডা। কংগ্রেস হরিয়ানায় ক্ষমতা দখল করতে পারে বুঝে মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে ভোটের আগে থেকেই দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে। রণদীপ সিং সুরজেওয়ালা এবং কুমারী শৈলজার সঙ্গে লড়াইয়ে আছেন হুডাও। ভোট প্রচারের শেষ প্রহরে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা ওজনদান নেতা তানওয়ারকে ঘরে ফিরিয়ে নিজের দর বাড়ানোর চেষ্টা করলেন হুডা, মনে করছে রাজনৈতিক মহল।