
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও জাতীয় মহিলা কমিশনের চেয়াপারসন রেখা শর্মা। ফাইল চিত্র।
শেষ আপডেট: 19 June 2024 13:04
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরে এখনও পর্যন্ত দেশের নানাপ্রান্ত থেকে জাতীয় মহিলা কমিশনে মোট ১২ হাজার ৬০০ অভিযোগ জমা পড়েছে। সেগুলির মধ্যে পরিবার এবং পরিবারের বাইরে, দু’জায়গাতেই শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন হেনস্থার মতো একাধিক অভিযোগ রয়েছে।
কমিশন সূত্রের খবর, নথিভুক্ত অভিযোগের অর্ধেকের বেশি দায়ের হয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ থেকে। পরিংসংখ্যান বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, অভিযোগের নিরিখে উত্তরপ্রদেশের মতোই এগিয়ে রয়েছে একাধিক বিজেপি শাসিত রাজ্য। পশ্চিমবঙ্গ তুলনায় অনেক পিছনের সারিতে আছে।
তৃণমূলের অভিযোগ, সন্দেশখালি নিয়ে বিজেপির সঙ্গে তাল মিলিয়ে বাংলার বিরুদ্ধে সক্রিয় জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। তাঁর প্রতিষ্ঠানেরই পরিসংখ্যান বলছে, নারী নির্যাতন বন্ধে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে কমিশনকে অনেক বেশি সক্রিয় হতে হবে।
তাৎপর্যপূর্ণ হল, ২০১৭-তে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে যোগী আদিত্যনাথ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি করে আসছেন। বস্তুত ভোটের প্রচারে তাঁর মুখে সর্বদা আইন-শৃঙ্খলার উন্নতি, বিশেষ করে নারী নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ করার কথা শোনা গিয়েছে। মহিলা কমিশন এবং ভারত সরকারের জাতীয় অপরাধপঞ্জীর তথ্য ভিন্ন কথা বললেও স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নানা সময়ে নারী সুরক্ষায় কার্যকর পদক্ষেপ করায় যোগীর পিঠ চাপড়ে দিয়েছেন। যদিও সদ্য সমাপ্ত লোকসভা ভোটে সেই প্রচার তেমন কাজ করেনি বলে গেরুয়া শিবিরও মনে করছে। উত্তরপ্রদেশে বিজেপির খারাপ ফলে যোগী প্রশাসনের উপর অনাস্থাও কাজ করেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন।
কমিশন সূত্রে জানা গিয়েছে অভিযোগের সংখ্যার নিরিখে রাজধানী দিল্লি দ্বিতীয় স্থানে আছে। তবে সেখানে আইন-শৃঙ্খলা রক্ষার ভার আপ সরকারের উপরে ন্যস্ত নয়। দিল্লি পুলিশ কাজ করে সরাসরি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। তৃতীয় স্থানে আছে বিজেপি জোট সরকারের অধীনে থাকা মহারাষ্ট্র।
মহিলা কমিশন সূ্ত্রে জানা গিয়েছে, ১২,৬০০ অভিযোগের মধ্যে ৬৪৭০টি অভিযোগ দায়ের হয়েছে উত্তরপ্রদেশ থেকে। সেখানে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দিল্লি ও মহারাষ্ট্র থেকে দায়ের হওয়া অভিযোগের সংখ্যা যথাক্রমে ১১১২ এবং ৭৬২টি। পশ্চিমবঙ্গ থেকে দায়ের হয়েছে ৩০৬টি অভিযোগ। তবে বাংলার থেকে অনেকটা এগিয়ে বিজেপি শাসিত হরিয়ানা, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান। দক্ষিণের রাজ্যগুলির মধ্যে এগিয়ে তামিলনাড়ু।
কমিশন সূত্রে জানা গিয়েছে, দায়ের হওয়া অভিযোগের অনেকগুলিই পুলিশের বিরুদ্ধে। তারমধ্যে থানায় অভিযোগ নিতে না চাওয়ার নালিশ যেমন আছে, আছে পুলিশের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ।
নারী নির্যাতনে লাগাম দিতে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির একাধিক স্কিম চালু আছে। নির্ভয়া তহবিল তারমধ্যে অন্যতম। ২০১২ সালে দিল্লিকে যৌন নির্যাতনের জেরে নিহত তরুণী নির্ভয়া (আসল নাম নয়)-র নামে চালু ওই তহবিল থেকে কেন্দ্র রাজ্য সরকারগুলিকে অর্থ সহায়তা দিয়ে আসছে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, নিছক প্রচার আর সুরক্ষার কড়াকড়ি করে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। স্কুল স্তরেই ছেলেমেয়েদের এই ব্যাপারে শিক্ষিত করে তোলা দরকার।