
কৃত্রিমভাবে নামানো হয়েছে বৃষ্টি - ফাইল ছবি
শেষ আপডেট: 7 November 2024 20:39
দ্য ওয়াল ব্যুরো: উত্তর ভারতের বেশ অনেকখানি অঞ্চলজুড়ে বায়ুদূষণের মাত্রা সীমানা ছাড়িয়েছে। মূলত দিল্লির অবস্থা অত্যন্ত খারাপ। এয়ার কোয়ালিটি ইনডেক্স লাগাতার ৩০০-এর ওপর রয়েছে যা খুবই আশঙ্কাজনক। এরই মধ্যে গুরুগ্রামের পরিস্থিতিও খারাপ হচ্ছে। তাই সেখানে কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানো হল!
হরিয়ানা সরকারের তরফে এমন কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এই উদ্যোগ নিয়েছেন একটি হাউজিং কমপ্লেক্সের আবাসিকরা। সেক্টর ৮২-এর ডিএলএফ প্রাইমাসের বাসিন্দারা দমকলের কাজে লাগা বড় বড় জলের পাইপ কাজে লাগিয়ে কৃত্রিম বৃষ্টি তৈরি করেছে। আবাসনের উঁচু উঁচু তলায় সেগুলি বসিয়ে তা থেকে জল ছড়িয়ে 'বৃষ্টি' তৈরি করেছেন তাঁরা। এক ঝলকে দেখে মনে হবে যে সত্যি বৃষ্টি পড়ছে। এই ভাবেই দূষণ আটকাতে পদক্ষেপ নিয়েছেন আবাসনের বাসিন্দারা।
ওই আবাসনের রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের কথায়, ''বায়ুদূষণ যে হারে বেড়েছে তা রাজ্য সরকারের পক্ষে একা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর জন্য সাধারণ মানুষকেই কিছু অন্য পন্থা নিতে হবে। এয়ার কোয়ালিটির তথ্য দেখে আমরা পারলে প্রতিদিনই এমন কৃত্রিম বৃষ্টি নামাব।'' তিনি আরও বলেন, দিন দিন বায়ুদূষণের হার বাড়ায় সকল বয়সের মানুষের ক্ষতি হচ্ছে। বিশেষ করে বাচ্চা এবং বয়স্ক। তাই প্রত্যেককেই এই বিষয়টি মাথায় রেখে চলতে হবে।
সাম্প্রতিক সময়ে যে তথ্য উঠে এসেছে তাতে দেখা গেছে, দিল্লিতে প্রতি ৭ থেকে ১০টি পরিবারের মধ্যে কমপক্ষে ১ জন বিষাক্ত দূষণের শিকার। ক্রমবর্ধমান দূষণের কারণে গলা ব্যথা বা কাশি, চোখে জ্বালাপোড়া ভাব, নাক দিয়ে জল পড়া-সহ একাধিক উপসর্গ দেখা দিচ্ছে। সমীক্ষকদের দাবি, দিল্লিতে যে হারে দূষণ বেড়েছে তা সরাসরি জনগণের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে।