
প্রতীকী ছবি
শেষ আপডেট: 16 April 2025 08:20
দ্য ওয়াল ব্যুরো: গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভেন্টিলেটরে থাকা অবস্থায় এক বিমানসেবিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল হাসপাতাল কর্মীদের বিরুদ্ধে। গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হওয়া ৪৬ বছরের ওই মহিলা হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর স্বামীকে ঘটনার কথা জানান। পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি।
পুলিশ সূত্রে খবর, গত ৫ এপ্রিল গুরুগ্রামের একটি হোটেলের সুইমিং পুলে সাঁতার কাটার পর অসুস্থ বোধ করেন ওই বিমানসেবিকা। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, ৬ এপ্রিল ভেন্টিলেশনে থাকার সময় এক বা একাধিক হাসপাতাল কর্মী তাঁকে যৌন হেনস্থা করে।
এই মর্মে সোমবার সদর থানায় অজ্ঞাতপরিচয় হাসপাতাল কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। গুরুগ্রাম পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, "ভুক্তভোগীর জবানবন্দি আদালতের ম্যাজিস্ট্রেটের সামনে রেকর্ড করা হয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হবে।"
এদিকে, এপ্রিল মাসের শুরুতেই রাজধানী দিল্লিতে পৃথকভাবে ঘটে গিয়েছে আরও দুটি ভয়ঙ্কর শিশু নিগ্রহের ঘটনা। আদর্শ নগরের একটি বেসরকারি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রীকে প্রায় দেড় বছর ধরে নিয়মিত যৌন হেনস্থা করে আসছিল এক ভ্যানচালক। মায়ের কাছে সমস্ত ঘটনা বলার পরই পুলিশের দ্বারস্থ হয় পরিবার।
অন্যদিকে, ফেব্রুয়ারিতে প্রকাশ্যে আসে আরও একটি ঘটনা, যেখানে দক্ষিণ দিল্লির এক বেসরকারি স্কুলে ৫ বছরের এক ছাত্রীকে যৌন নিগ্রহ করেছিল দ্বাদশ শ্রেণির এক ছাত্র। ঘটনার পর কেটে গিয়েছে বহু সময়, কিন্তু অভিযুক্ত বিদেশি ছাত্রকে এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি বলেই অভিযোগ পরিবারের।এই সবকটি ঘটনাই ফের একবার প্রশ্ন তুলে দিল দেশের চিকিৎসা ব্যবস্থা, শিশু সুরক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থার উপর।