
গুরপতবন্ত সিং পুন্নুন।
শেষ আপডেট: 13 January 2025 11:15
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াগরাজ অর্থাৎ এলাহাবাদে মহাকুম্ভের সমাগমে হামলার হুমকি দিয়েছে শিখ বিচ্ছিন্নতাবাদী গুরপতবন্ত সিং পুন্নুন (Gurpatwant Singh Pannun)। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় বলা হয়েছে ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি, ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যা এবং ৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর স্নানের দিন প্রয়াগরাজে হামলা চালানো হবে।
ভারতীয় বংশোদ্ভুত মার্কিন নাগরিক পুন্নুন ভারতে একাধিক নাশকতার ঘটনায় জড়িত ছিল। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বার্তার কণ্ঠস্বর পুন্নুনের বলে গোয়েন্দাদের ধারণা। সে শিখস ফর জাস্টিস নামে একটি সংগঠনের মাথা।
গত সোমবার উত্তর প্রদেশ ও পাঞ্জাব পুলিশের যৌথ অভিযানে পিলভিটে তিন শিখ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়। পাঞ্জাবে পুলিশ হত্যা-সহ নাশকতার একাধিক ঘটনার সঙ্গে জড়িত ছিল তারা। ভিডিও বার্তায় তিন খলিস্তানির হত্যার বদলা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
পুন্নুন এর আগে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচের আমদাবাদ স্টেডিয়ামে হামলার হুমকি দেন। এয়ার ইন্ডিয়ার বিমানে না চড়ার পরামর্শ দিয়ে সে বলেছে, যে কোনও সময় মাঝ আকাশে মৃত্যু ঘনিয়ে আসতে পারে।
মহাকুম্ভে কয়েক লাখ মানুষ মিলিত হবে। নতুন বছরের গোড়ায় প্রয়াগরাজের ওই মহা সমাগম নিয়ে নিরাপত্তা বাহিনীগুলি বাড়তি সতর্ক। সাধারণ পূণ্যার্থীর পাশাপাশি বহু ভিভিআইপি কুম্ভ স্নানে অংশ নেবেন। সেই কারণে কোনও হুমকি, হুঁশিয়ারি, গোয়েন্দা রিপোর্টকেই লঘু করে দেখছে না পুলিশ-প্রশাসন।
যদিও পুন্নুনের হুমকিকে গুরুত্ব দেয়নি অখিল ভারতীয় অখণ্ড পরিষদ। সংগঠনের সভাপতি মহন্ত রবীন্দ্র পুরীর কথায়, পুন্নুনের মতো পাগল আমরা আগেও দেখেছি। এই ধরনের মানুষ মহাকুম্ভে হামলা করতে এলে মানুষ যা জবাব দেওয়ার দেবে। তিনি বলেন, পুন্নুনের উদ্দেশ্য বিভিন্ন ধর্মাবলম্বীর মধ্যে বিভেদ ঘটানো। পাঞ্জাবে অখণ্ড পরিষদের ছয়টি আখরা আছে। সেখানে কোনও বিভেদ নেই। তাই পুন্নুনের হুমকিকে বাড়তি গুরুত্ব দেওয়ার কিছু হয়নি।