কর্মীদের বিশেষ উপহার কাবরা জুয়েলসের
শেষ আপডেট: 1 April 2025 14:40
দ্য ওয়াল ব্যুরো: গত আর্থিক বছরে ২০০ কোটি টাকার ব্যবসা করেছে কোম্পানি। সে কারণেই কর্মীদের নতুন গাড়ি উপহার দিয়ে তাক লাগিয়েছে গুজরাতের (Gujrat) কাবরা জুয়েলস (Kabra Jewels) নামে একটি সংস্থা। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে। জানা গিয়েছে, কোম্পানির ১২ জন সিনিয়র কর্মীকে রাতারাতি তাঁদের সাফল্যের জন্য নতুন গাড়ি (New Car) উপহার (Gift) দেওয়া হয়েছে।
সোমবারই ছিল গত আর্থিক বছরের শেষ দিন। সে কারণেই কাবরা জুয়েলসের প্রতিষ্ঠাতা কৈলাস কাবরা কর্মীদের সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন। কেন এমন সিদ্ধান্ত নিলেন? উত্তরে কৈলাস স্পষ্ট জানিয়েছেন, লাভের অংশ দিয়ে নিজের জন্য গাড়ি কেনার চেয়ে কোম্পানির ব্র্যান্ড তৈরিতে কর্মীদের গাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
কর্মীদের নিরলস প্রচেষ্টার কারণেই এমন সাফল্য এসেছে বলে মত কাবরা জুয়েলসের প্রতিষ্ঠাতার। তিনি জানান, 'নিজের জন্য একটি বিলাসবহুল গাড়ি কেনার পরিবর্তে আমি কোম্পানির কর্মীদের ভাল কাজের স্বীকৃতি দিতে এমন সিদ্ধান্ত নিয়েছি। প্রথম থেকেই কাবরা জুয়েলস পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তাঁরা। সে কারণেই পরিবারের শেখানো পথেই কোম্পানির মোট উপার্জনের টাকা দিয়ে কর্মীদের জন্য গাড়ি কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'
রাতারাতি কোম্পানির আকাশছোঁয়া সাফল্যের কারণ হিসাবে কৈলাস জানান, মাত্র ২১ বছর বয়সে কোম্পানি শুরু করেছিলেন তিনি। তারপর থেকেই সংস্থার আয় লাফিয়ে বেড়েছে। ২ কোটি টাকার টার্নওভার এবং মাত্র ১২ জন সদস্যকে নিয়ে পথ চলা শুররু করলেও বর্তমানে আমাদের টিমের সদস্য সংখ্যা ১৪০ জন। ২০২৪-২৫ অর্থবছরে ২০০ কোটি টাকার ব্যবসা করেছে কোম্পানি।
জানা গিয়েছে, কর্মীদের শুধুমাত্র মাহিন্দ্রা XUV ৭০০, টয়োটা ইনোভা, হুন্ডাই i১০, হুন্ডাই এক্সেন্ট এবং আর্টিগার মতো গাড়ি উপহার দিয়েই ক্ষান্ত হয়নি সংস্থা। পাশাপাশি কর্মীদের বাইক, মোবাইল ফোন, ছুটির ফ্যামিলি প্যাকেজ ছাড়াও সোনা ও রূপার মুদ্রা দেওয়া হয়েছে।
এদিকে কোম্পানির সাফল্যের পর মালিকের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন কর্মীরা। ভাল কাজের উপহার হিসাবে বিলাসবহুল গাড়ি পেয়ে কর্মীদের উন্মাদনা যে মাত্রা ছাড়িয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।