
শেষ আপডেট: 22 October 2023 10:27
দ্য ওয়াল ব্যুরো: উৎসবের আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে। নবরাত্রির উদযাপনের অংশ হিসেবে চলছিল গরবা নাচ। তাতেই অংশ নিয়েছিল ১৭ বছরের ছেলে। কিন্ত নাচতে নাচতেই হঠাৎ অসুস্থ বোধ করে সে। মাথা ঝিমঝিম করতে শুরু করে, আচমকাই অজ্ঞান হয়ে যায়। কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার।
মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গুজরাতের কাপড়ভঞ্জ খেদা জেলায়। নবরাত্রি উপলক্ষে একটি গরবা নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছিল ১৭ বছরের ওই কিশোর। তার বাবা-মা কিছুটা দূরে অন্য একটি মাঠে গরবা নাচ করছিলেন। অনুষ্ঠানের মধ্যেই আচমকা মাথা ঘুরতে শুরু করে বীর শাহ নামে ওই কিশোরের। ঝিমুনির লাগতে শুরু করে, তারপর হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় সে।
ঘটনাস্থলে উপস্থিত স্বেচ্ছাসেবকরা প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে ৩ ধাপ সিপিআর দেওয়া হয়। তারপরেও বাঁচানো যায়নি বীরকে। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তার। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদযন্ত্র বিকল হয়েই মৃত্যু হয়েছে কিশোরের।
এই ঘটনার পর খবর দেওয়া হয় বীরের বাবা মাকে। স্বভাবতই শোকে আকুল তারা। মৃত কিশোরের বাবা সকলের কাছে আর্জি জানিয়েছেন, গরবা নাচে অংশ নিলেও তা যেন একটানা না করা হয়। মাঝে মাঝে বিশ্রাম নিয়ে তবেই নাচ করার অনুরোধ করেছেন তিনি।
এই ঘটনায় ওই এলাকাতেও শোকের ছায়া নেমে এসেছে। বীরের মৃত্যুর পর সে যেখানে গরবা নাচ করছিল, সেখানে ২ মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া বাকি সমস্ত অনুষ্ঠানও একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে।