
এটিএস-এর জালে যুবক
শেষ আপডেট: 29 November 2024 23:43
দ্য ওয়াল ব্যুরো: টাকার জন্য মানুষ কী না করে। কেউ কেউ চুরি করে, ডাকাতি করে। আবার কারও খুন করতেও হাত কাঁপে না। তাই দেশের তথ্য পাচার করা সাধারণ ব্যাপারই। এই কাজ করতে গিয়েই অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের জালে গুজরাতের এক যুবক। চুক্তিভিত্তিক কর্মী হিসেবে ওখা বন্দরে কাজ করত সে।
পাকিস্তানি এক গুপ্তচরকে ভারতের কোস্ট গার্ডের জাহাজের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিত দীপেশ গোইল নামের এই যুবক। এই কাজের জন্য রোজ ২০০ টাকা করে পেত সে। গোয়েন্দারা তাঁকে জেরা করে জানতে পেরেছে, এখনও পর্যন্ত ওই পাক গুপ্তচর তাঁকে তথ্য পাচারের জন্য ৪২ হাজার টাকা দিয়েছে।
ফেসবুকের মাধ্যমে দীপেশের সঙ্গে আলাপ করেছিল ওই পাক গুপ্তচর। সেখানে তার নাম 'সাহিমা'। এরপর দুজনের হোয়াটসঅ্যাপেও কথা হত। কোস্ট গার্ডের নানা জাহাজের নাম এবং নম্বরের তথ্য পাচার করা হত। যদিও পাক গুপ্তচরের থেকে সরাসরি টাকা পেত না দীপেশ। কারণ তাঁর কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। ওই চর তাঁর এক বন্ধুর অ্যাকাউন্টে টাকা পাঠাত, পরে তাঁর থেকে নগদ নিয়ে নিত দীপেশ।
এটিএস-এর তরফে জানানো হয়েছে, আইএসআই বা পাকিস্তান নৌবাহিনীর কাছে ভারতের তথ্য পাচার করা হচ্ছে বলে তাঁদের কাছে বেশ কিছু দিন আগে ইনপুট আসে। সেই মতোই ওখা বন্দরে তাঁরা নজরদারি চালিয়েছিলেন। দীর্ঘ অভিযানের পর একাধিক তথ্য হাতে পাওয়ায় এই যুবককে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, গত মাসেও গুজরাত থেকে একই অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছিল এটিএস।