
যোধপুরের আশ্রমে আসারাম
শেষ আপডেট: 15 January 2025 15:58
দ্য ওয়াল ব্যুরো: নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অপরাধী আসারাম বাপুকে মঙ্গলবারই অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে রাজস্থান হাই কোর্ট। তারপরই সোজা নিজের চেনা ডেরায় ফিরলেন ৮৬ বছর বয়সি স্বঘোষিত ধর্মগুরু। স্বাভাবিকভাবেই এতদিন পর তাঁকে পেয়ে সেজে উঠেছে যোধপুরের আশ্রম।
মূলত শারীরিক অসুস্থতার দিকটি বিচার করে ৩১ মার্চ পর্যন্ত তাঁকে জামিন দেওয়া হয়েছে। একই কারণে গত সপ্তাহে ওই ৩১ মার্চ অবধিই সুপ্রিম কোর্ট জামিনের নির্দেশ দিয়েছিল স্বঘোষিত ধর্মগুরুকে। আদালত জানায়, যেহেতু আসারাম অসুস্থ। তাই সম্পূর্ণ মানবিক কারণে তাঁকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
তবে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ধর্মগুরুর যোধপুরের সেন্ট্রাল জেলে থাকার কথা থাকলেও পরে অসুস্থতার কারণে যোধপুরেরই আরোগ্য মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর হৃদযন্ত্রে সমস্যা রয়েছে বলে খবর। একবার হৃদরোগে আক্রান্তও হয়েছিলেন। মঙ্গলবার রাতে জামিন পেয়ে হাসপাতাল থেকে সোজা যোধপুরের পাল গ্রামের আশ্রমে পৌঁছে যান তিনি।
এদিন আসারামের মুক্তির খবর পেয়ে হাসপাতালের বাইরেই ভিড় বাড়তে থাকে সমর্থকদের। হাসপাতাল থেকে ধর্মগুরু বেরোতেই তাঁকে মালা দিয়ে স্বাগত জানানো হয়। পাশাপাশি চলে পুষ্পবৃষ্টিও। এরপর সেখান থেকে আশ্রমে পৌঁছলে সেখানকার সেবাদাররা তাঁকে স্বাগত জানান। জ্বালানো হয় আতসবাজি। জানা গেছে, আসারামের আশ্রমে ফেরার খবর পেতেই শুরু হয়ে যায় তোড়জোড়। সবকিছু নতুন করে সাজানো হয়।
এর আগে গত ৭ জানুয়ারি স্বঘোষিত ধর্মগুরুকে জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার অন্য একটি ধর্ষণের মামলায় রাজস্থান হাই কোর্টও তাঁকে জামিন দিল। তবে নিরাপত্তা রক্ষীদের নজরে সবসময় থাকতে হবে তাঁকে।
২০১৩ সালে যোধপুরের আশ্রমে ১৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল আসারামের বিরুদ্ধে। এর পর ২০১৩ সালের আগস্ট মাসে ইন্দোর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ওই মামলায় ২০১৮ সালে যোধপুরের একটি আদালত ধর্মগুরুকে দোষী সাব্যস্ত করে। তারপর থেকে যোধপুরেই জেলবন্দি রয়েছেন আসারাম।