
সনিয়া গান্ধী এদিন সকালেই বিরোধিতা করে বলেন, লোকসভায় কাল বুলডোজার চালিয়ে বিল পাশ করিয়েছে সরকারপক্ষ।
শেষ আপডেট: 3 April 2025 11:10
দ্য ওয়াল ব্যুরো: লোকসভায় পাশ হয়ে যাওয়ার পর আজ, বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষে পেশ হতে চলেছে ওয়াকফ সংশোধনী বিল। বুধবার প্রায় ১২ ঘণ্টার বেশি বিতর্ক চলার পর বোতাম টিপে ও স্লিপের মাধ্যমে ভোটাভুটি হয় মধ্যরাতে। সেই ভোটাভুটিতে সরকারপক্ষ ২৮৮টি ভোট পায়, বিলের বিপক্ষে ভোট পড়ে ২৩২টি। এদিন রাজ্যসভায় প্রশ্নপর্বের শেষে দুপুর ১টা নাগাদ বিল রাজ্যসভায় পেশ করবেন মন্ত্রী কিরেন রিজিজু। বুধের মতো বৃহস্পতিতেও আলোচনার জন্য প্রাথমিকভাবে ৮ ঘণ্টা নির্দিষ্ট করা হয়েছে।
ওয়াকফ সংশোধনী বিল রাজ্যসভায় পাশ করাতে গেলে সরকারের পক্ষে ১১৯ ভোট প্রয়োজন। বর্তমানে উচ্চকক্ষে ২৪৫ জন সদস্য রয়েছেন। এই অবস্থায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের হাতে রয়েছে ১২৫টি ভোট। এছাড়া ৬ জন মনোনীত সদস্য বিলের পক্ষে ভোট দিতে পারেন।
কংগ্রেসের রাজ্যসভা সদস্য ও সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধী এদিন সকালেই বিরোধিতা করে বলেন, লোকসভায় কাল বুলডোজার চালিয়ে বিল পাশ করিয়েছে সরকারপক্ষ। দেশে সামাজিক বিভাজন ঘটিয়ে মেরুকরণের রাজনীতি করছে বিজেপি। বুধের পরাজয়ের পর এদিন সকালেই লোকসভা বসার সঙ্গে সঙ্গে বিরোধীরা সরকার বিরোধী স্লোগান দিতে শুরু করে। ফলে এদিনও সংসদের দুই কক্ষ ওয়াকফ বিল নিয়ে উত্তপ্ত হয়ে উঠতে পারে।