
বিজ্ঞাপনে যেন ১০০ শতাংশ সাফল্যের নিশ্চয়তা কিংবা সুনিশ্চিত চাকরির টোপ না দেওয়া হয়।
শেষ আপডেট: 13 November 2024 18:49
দ্য ওয়াল ব্যুরো: কোচিং সেন্টারগুলিকে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে সতর্ক করে দিল কেন্দ্রীয় সরকার। বুধবার এক নির্দেশিকায় বলা হয়েছে, কোনও কোচিং সেন্টার বা ইনস্টিটিউট যেন তাদের বিজ্ঞাপনে ওই সংশ্লিষ্ট পরীক্ষায় টপারদের ছবি না দেয়। এমনকী বিজ্ঞাপনে যেন ১০০ শতাংশ সাফল্যের নিশ্চয়তা কিংবা সুনিশ্চিত চাকরির টোপ না দেওয়া হয়।
সেন্ট্রাল কনজিউমার প্রটেকশন অথরিটি (CCPA) এই নিষেধাজ্ঞার খসড়া তৈরি করেছে। জাতীয় উপভোক্তা হেল্পলাইন মারফত প্রচুর অভিযোগ জমা পড়ার পর এনিয়ে পদক্ষেপ হয়। সেখানে অভিযোগ তোলা হয়, কোচিং সেন্টার বা ইনস্টিটিউটগুলি অসংখ্য বিভ্রান্তিকর ও ভুল তথ্য দিচ্ছে। যে প্ররোচনার ফাঁদে পা দিচ্ছেন চাকরি প্রত্যাশীরা।
গ্রাহক অভিযোগ বিষয়ক সচিব নিধি খারে এদিন সাংবাদিকদের বলেন, আমরা দেখেছি কোচিং সেন্টারগুলি ইচ্ছাকৃতভাবে এগুলি করে চলেছে। সে কারণে আমরা এই নির্দেশিকা দিতে বাধ্য হয়েছি। নির্দেশিকা জারির পর কর্তৃপক্ষ এই কাজ ঠেকাতে ৫৩টি নোটিস পাঠিয়েছে। এবং সাড়ে ৫৪ লক্ষ টাকার বেশি মূল্যের জরিমানা ধার্য করেছে।
সরকারি সূত্র জানিয়েছে, কোনও কোচিং সেন্টারকে টার্গেট করা লক্ষ্য নয়। তবে বিজ্ঞাপনের ক্ষেত্রে সতর্ক থাকতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। কেননা এর সঙ্গে গ্রাহকদের অধিকার এবং চাকরি প্রত্যাশীদের প্রলোভনের হাত থেকে রক্ষা করা যাবে।
কোচিং সেন্টারগুলিকে নয়া নির্দেশিকায় কী বলা হয়েছে? বিজ্ঞাপনে কোচিং সেন্টারগুলিকে এই বিষয়গুলিতে সতর্ক থাকতে বলা হয়েছে। যেমন- যে যে কোর্স পড়ানো হবে, কোর্সের প্রকৃত সময়সীমা, ঠিক কত টাকা লাগবে, রিফান্ড নীতি কী, নির্বাচন প্রক্রিয়া এবং চাকরির সুনিশ্চিত প্রতিশ্রুতি বিষয়ে।