
শেষ আপডেট: 30 March 2024 17:58
দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো হুমকি ফোনের ব্যাপারে নাগরিকদের সতর্ক করল কেন্দ্র। কেন্দ্রীয় টেলিকম দফতর তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টেলিকম দফতরের নাম করে অনেক ভুয়ো কল আসছে। কল রিসিভ করলে হুমকি দেওয়া হচ্ছে নানাভাবে। এমনকী মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে এমন হুমকিও দেওয়া হচ্ছে। এমন ভুয়ো ফোন কল নিয়ে সতর্ক করছে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক।
সম্প্রতি ভারত সরকারের টেলিকম মন্ত্রক থেকে একটা বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে এমন ধরনের ফোন কলের কথা। ইদানীং অনেকেই সরকারের টেলিকম মন্ত্রকের ভুয়ো পরিচয় দিয়ে ফোন করে প্রতারণা করছেন। এই বিষয়ে সাধারণ নাগরিকদের সচেতন করতেই বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপেও এমন কল আসতে পারে। আর তা এলে +92 নম্বর দিয়ে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধরনের কল সাধারণত প্রতারণা করে আর্থিক তছরূপের উদ্দেশ্য নিয়েই করা হয়। অনেকের কাছেই এমন ফোন আসছে লাগাতার। ওপারে থাকা ব্যক্তি নিজেকে টেলিকম মন্ত্রকের আধিকারিক বলে পরিচয় দিচ্ছেন। তিনি বলছেন, আপনার নম্বর দিয়ে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন বেআইনি কাজ করে চলেছে। এর ঘটনা জানতে পেরেছে দেশের সরকার। তাই নম্বরটি বন্ধ করে দেওয়া হবে। হঠাৎ এমন ফোন পেয়ে অনেকেই ভয় পেয়ে যাচ্ছেন। আর তাকেই হাতিয়ার করে প্রতারণা করা হচ্ছে।
কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক জানিয়েছে, কখনওই কেন্দ্রীয় সরকারি দফতর থেকে সাধারণ নাগরিককে ফোন করা হয় না। তাই এমন ফোনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ফোনের ওপার থেকে কোনও তথ্য চাইলে তা না দেওয়ার পরামর্শ দিয়েছে টেলিকম মন্ত্রক।
এমন ফোন এলে কোথায় অভিযোগ করা যাবে?
টেলিকম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সঞ্চার সাথী পোর্টালে গিয়ে এই ব্যাপারে রিপোর্ট করা যাবে। সঞ্চার সাথী পোর্টালের অধীনে ‘চক্ষু রিপোর্ট সাসপেক্টেড ফ্রড কমিউনিকেশনস’ পেজে যেতে হবে। সেখানে গিয়ে অভিযোগ জানাতে হবে। এছাড়াও, আপনার নম্বর অন্য কোনও নাম দিয়ে কেউ ব্যবহার করছে কি না তা দেখা যাবে সঞ্চার সাথী পোর্টালেই। সেখানে ‘নো ইয়োর মোবাইল কানেকশন’-এ গিয়ে চেক করা যাবে।