
শেষ আপডেট: 30 October 2023 12:05
দ্য ওয়াল ব্যুরো: দেশের নাম ‘ইন্ডিয়া’ নাকি 'ভারত', এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিরোধীদের জোটের নাম ‘ইন্ডিয়া’ রাখার পর থেকেই এই চর্চায় লেগে গেছে রাজনীতির রঙ। শাসক দলের পক্ষ থেকে একাধিক ক্ষেত্রে দেশের নামের জায়গায় ইন্ডিয়া মুছে ভারত করার হিড়িক পড়ে গিয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে দেশের নাম পরিবর্তন করে ইন্ডিয়া থেকে ভারত করা হয়নি এখনও। সেই পরিস্থিতিতে এবার গুগলও মান্যতা দিল 'ভারত'-কে। গুগল ম্যাপে ভারত সার্চ করলে পাওয়া যাচ্ছে এ দেশের মানচিত্র। দেশের পতাকার ‘ডিজিটাল কোড’ সহ তা ফুটে উঠছে মোবাইল স্ক্রিনে।
আগে গুগল ম্যাপে ‘ইন্ডিয়া’ লেখা হলে দেখা যেত এ দেশের মানচিত্র। আর এখন গুগল ম্যাপে ‘ভারত’ বা 'ইন্ডিয়া' যাই লেখা হোক না কেন সেখানে দেখা যাচ্ছে ভারতীয় মানচিত্র। অর্থাৎ গুগল ম্যাপ ইন্ডিয়া ও ভারত উভয়কেই দক্ষিণ এশিয়ার একটি দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। হিন্দিতে ভারত লেখা হোক, বা ইংরেজিতে 'ইন্ডিয়া', একই মানচিত্র দেখাচ্ছে গুগল ম্যাপ।
শুধুমাত্র গুগল ম্যাপে নয়, প্রযুক্তি সংস্থার অন্য প্ল্যাটফর্মেও যদি ইন্ডিয়া এবং ভারত লেখা হয়, তাহলেও ফলাফলগুলি ঠিক একইরকম হবে। কোনও ব্যবহারকারী যদি গুগল সার্চ, গুগল ট্রান্সলেটর, গুগল নিউজের মতো অ্যাপে ইন্ডিয়া বা ভারত লেখেন, সেখানেও একই ফলাফল পাওয়া যাচ্ছে। একইসঙ্গে হিন্দিতে ইন্ডিয়ার অনুবাদ করতে দিলে, গুগল তা হিন্দুস্তান এবং ভারতবর্ষ বলে দেখাচ্ছে। তবে এব্যাপারে গুগলের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
কেন্দ্রীয় সরকার এখন ধীরে ধীরে সরকারি যোগাযোগের ক্ষেত্রে ‘ইন্ডিয়া’র বদলে ‘ভারত’ ব্যবহার করতে শুরু করেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় রেল মন্ত্রকের তরফে ‘ইন্ডিয়া’ বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এরই সঙ্গে রেলের সমস্ত রকম কাজের ক্ষেত্রে ভারত ব্যবহার করার কথা বলা হয়েছে। সম্প্রতি দেশে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেমপ্লেটে ইন্ডিয়ার বদলে ‘ভারত’ ব্যবহার করা হয়। রাষ্ট্রপতি তাঁর আমন্ত্রণপত্রেও ভারত নামটিই ব্যবহার করেন। এবার বহুজাতিক গুগলও ‘ভারত’-এর দিকে তাদের পা বাড়িয়ে রাখল।