
আদিত্যনাথা যোগী
শেষ আপডেট: 28 August 2024 12:43
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়া নিয়ে নতুন নীতি ঘোষণা করল উত্তর প্রদেশ সরকার। যোগী আদিত্যনাথের সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাজ্য সরকারের কথা প্রচার করলে ইউটিউবাররা মাসে ৩০ হাজার থেকে সর্বোচ্চ আট লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। অর্থাৎ ওই পরিমাণ অর্থ সরকার ইউটিউবারদের দেবে।
সোশ্যাল মিডিয়া নিয়ে সরকারের নয়া পলিসি মন্ত্রিসভা অনুমোদন করেছে। তাতে সমাজমাধ্যমের অপব্যবহার, গুজব ছড়ানোর মতো অপরাধের কড়া সাজার বিধানের কথাও বলে হয়েছে, যা পরবর্তী সময়ে আইনের অন্তর্ভুক্ত হবে। যোগী সরকার সিদ্ধান্ত নিয়েছে, দেশ বিরোধী কোনও টেক্সট, ভিডিও, ছবি, কার্টুন ইত্যাদি সামাজিক মাধ্যমে প্রচার করা হলে অভিযুক্তের সর্বোচ্চ যাবজ্জীবন সাজা হতে পারে। সর্বনিম্ন সাজা তিন বছরের জেল। এরমধ্যে অশালীন, হুমকি, ভয়-ভীতি প্রদর্শন সূচক কনটেন্ট শেয়ার করার বিষয় আছে।
যোগী সরকারের নয়া পলিসিতে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেলে সরকারি প্রকল্প, সরকারের বিজ্ঞপ্তি, ঘোষণা ইত্যাদির প্রচার করা হলে সেই প্ল্যাটফর্মগুলিকে সরকার বিজ্ঞাপন দিয়ে উৎসাহ জোগাবে। একইভাবে ইউটিউব ইনফ্লুয়েন্সারদেরও আর্থিকভাবে সহযোগিতা করার কথা বলা হয়েছে। তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা এবং অন্যান্য বিষয় বিচার বিবেচনা করে মাসে ৩০ হাজার থেকে আট লাখ টাকা পর্যন্ত দেওয়ার কথা বলা হয়েছে নয়া পলিসিতে। বিস্তারিত শর্তাবলী সরকারি বিজ্ঞপ্তিতে থাকবে।
প্রসঙ্গত, উত্তর প্রদেশ সরকারই প্রথম সমাজমাধ্যমকে সরকারি প্রচারে ব্যবহারে এমন সুনির্দিষ্ট প্রকল্প হাতে নিল। যদিও কম-বেশি সব সরকারই ডিজিটাল নিউজ পোর্টালকে সরকারি বিজ্ঞাপন দিয়ে থাকে। অনেক সরকার জেলা ও মহকুমা শহর থেকে প্রকাশিত সংবাদপত্রের পরিবর্তে এখন ডিজিটাল পোর্টালকে বিজ্ঞাপন দিচ্ছে সরকারি প্রকল্পের প্রচার বাড়ানোর লক্ষ্যে।