
শেষ আপডেট: 16 November 2023 12:28
দ্য ওয়াল ব্যুরো: হিজাব পরে পরীক্ষা দেওয়া যাবে কর্নাটকে। দু’দিন ধরে বিতর্কের পর কর্নাটকের শিক্ষামন্ত্রী এমসি সুধাকর ঘোষণা করেছেন, হিজাবের উপর আদৌ কোনও নিষেধাজ্ঞা জারি করেনি কর্তৃপক্ষ। সব ধরনের প্রচলিত পোশাক পরেই পরীক্ষার হলে প্রবেশ করা যাবে।
যদিও আগের ৪৮ ঘণ্টায় এই বিষয় নিয়ে রাজনীতি চরমে উঠেছিল। হস্তক্ষেপ করতে হয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং প্রাক্তন সভাপতি সনিয়া গান্ধীকে। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দু’দিন আগে কংগ্রেস সরকারের সমালোচনা করে বলেন, তাহলে বিজেপির সঙ্গে ফারাক কী রইল। তিনি খাড়্গে, সনিয়াদের হস্তক্ষেপ দাবি করেন।
তেলেঙ্গানায় এই ইস্যুকে কংগ্রেসকে বিপাকে ফেলে সব দল। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি তথা হায়দরাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েইসি বলেন, কংগ্রেস ভোটের আগে বলেছিল ক্ষমতায় এসে শিক্ষাঙ্গনে হিজাবে নিষেধাজ্ঞা তুলে দেবে। সেই প্রতিশ্রুতি রাখেনি। উল্টে প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিষেধাজ্ঞা চাপাচ্ছে।
দলীয় সূত্রের খবর, তেলেঙ্গানা এবং রাজস্থান কংগ্রেসও দলীয় হাইকমান্ডকে জানায় কর্নাটক সরকারের সিদ্ধান্তে তারা সমস্যায় পড়েছে। অবশেষে দক্ষিণের ওই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্যাখ্যা দেন, হিজাবে কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি।
বিতর্কের সূত্রপাত কর্নাটক এক্সামিনেশন অথরিটির একটি নির্দেশিকা ঘিরে। এই প্রতিষ্ঠান রাজ্যে যাবতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ে থাকে। ১৭ ও ১৮ নভেম্বর রাজ্য জুড়ে দুটি প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে। ইতিমধ্যে ২৮, ২৯ অক্টোবর এবং ৬ নভেম্বর পরীক্ষা নিয়েছে তারা।
প্রতিষ্ঠানের বক্তব্য, ওই তিন দিন বহু সেন্টার থেকে অভিযোগ আসে অনেক পরীক্ষার্থী নকল করতে নানা ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেছে। তাই নির্দেশিকা জারি হয়েছিল ১৭ ও ১৮ নভেম্বরের পরীক্ষায় কেউ মাথায় কাপড় জড়িয়ে হলে প্রবেশ করতে পারবে না। হিজাব নিষিদ্ধ করার কথা বলা হয়নি। হিন্দু মহিলারাও মাথায় কাপড় দেন। ফলে ওই নির্দেশিকায় কোনওভাবেই ধর্মীয় ভেদাভেদ করা হয়নি।
যদিও সরকারের নির্দেশ ওই প্রতিষ্ঠান নির্দেশিকাটি প্রত্যাহার করে নিয়েছে। তবে ইলেকট্রনিক যন্ত্রপাতি নিয়ে কেউ যাতে হলে প্রবেশ করতে না পারে সে জন্য দেহ তল্লাশির ব্যবস্থা করা হবে। সে জন্য পরীক্ষা শুরুর দু’ ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে যেতে বলা হয়েছে।