
প্রতীকী ছবি
শেষ আপডেট: 5 December 2024 08:32
দ্য ওয়াল ব্যুরো: সরকারি হোমেই আড়াই বছরের শিশুকন্যাকে 'শারীরিক নিগ্রহের' অভিযোগ উঠেছে। ঘটনা কেরলের। এই অভিযোগের ভিত্তিতে তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা ওই হোমেরই কর্মী। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, শিশুটির যৌনাঙ্গে ক্ষতচিহ্ন মিলেছে যা দেখে মনে হচ্ছে তা নখের দাগ। অর্থাৎ আঁচড় দেওয়া হয়েছে! এও অনুমান, ঘটনার অন্তত ৭ দিন পর বিষয়টি সামনে আসে। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশু। তা অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। কিন্তু ঠিক কারণে এই নারকীয় অত্যাচার চালানো হল শিশুটির ওপর?
এই ঘটনায় যে তিনজন গ্রেফতার হয়েছে তাদের নাম অজিতা, মহেশ্বরী এবং সিন্ধু। তাদের জেরা করে পুলিশ জেনেছে, ঘুমের মধ্যে শিশুটি বিছানা ভিজিয়ে ফেলেছিল। তার 'শাস্তি' দিতেই এই কাজ করেছেন তাঁরা! ইতিমধ্যে নির্যাতনের বিষয়টি সামনে আসতেই ওই সপ্তাহে ডিউটিতে থাকা সমস্ত কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করেছে ওই হোম।
রাজ্যের শিশু সুরক্ষা কমিটির জেনারেল সেক্রেটারি জানিয়েছেন, এক দুর্ঘটনায় শিশুটির বাবা-মার মৃত্যু হয়েছিল। তারপর থেকেই সে এবং তার দিদি এই সরকারি হোমে থাকত। কিন্তু সেখানে তার সঙ্গে এমন ঘটনা ঘটবে তা কল্পনা করা যায়নি। দোষীদের কড়া শাস্তির দাবি তুলেছেন তিনি।