ভাইরাল ভিডিও থেকে নেওয়া মুহূর্ত ও সুপ্রিম কোর্টের ছবি
শেষ আপডেট: 1 April 2025 19:52
দ্য ওয়াল ব্যুরো: আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রয়াগরাজে (Prayagraj) জবরদস্তি করে নির্মাণ কাঠামো গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মঙ্গলবারই উত্তরপ্রদেশের (Uttar Pradesh) যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। অভিযুক্তকে সময় না দিয়ে নোটিস দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কেন বাড়িগুলিতে বুলডোজার (Bulldozer Action) দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল উঠে আসে সেই প্রশ্নও। তবে এদিন শীর্ষ আদালতে সওয়াল জবাব চলাকালীন একটি ভিডিও তুলে ধরে উত্তরপ্রদেশ সরকার ও প্রয়াগরাজ প্রশাসনকে কড়া ভাষায় তিরস্কার করেন বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভুঁইঞাকে নিয়ে গঠিত বেঞ্চ।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর একটি বাচ্চা মেয়ে বই হাতে দৌড়ে পালাচ্ছে। ঘটনাকে 'অমানবিক' মন্তব্য করে আদালতের দ্বারস্থ হওয়া প্রতিটি বাড়ির মালিককে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি উজ্জ্বল ভুঁইঞা বলেন, 'ভাইরাল ভিডিওতে একটি ছোট মেয়েকে একটি ভাঙা বাড়ির বাইরে দেখা যাচ্ছে। এই ধরণের ছবি অত্যন্ত বিরক্তিকর।'
জানা গিয়েছে, ভাইরাল ভিডিওটি উত্তরপ্রদেশের আম্বেদকর নগর জেলার। সেখানকার জালালপুরে বুলডোজার চালিয়ে ঝপড়ি ভাঙচুরের সময় মেয়েটিকে পাঠ্যবই হাতে প্রাণভয়ে দৌড়তে দেখা গিয়েছে। শীর্ষ আদালত পরিষ্কার জানিয়ে দেয়, এই ভিডিও দেখেই পরিষ্কার কীভাবে বাড়িগুলি জোর করে ভেঙে ফেলা হয়েছে। যেভাবে পুরো প্রক্রিয়াটি পরিচালিত হয়েছে তা অত্যন্ত মর্মান্তিক। আদালত এই ধরনের প্রক্রিয়া সহ্য করতে পারে না। বেঞ্চের মতে, যদি আমরা একটি ক্ষেত্রে সহ্য করি তবে এটি চলতেই থাকবে।
অভিযোগ, ২০২১ সালে গ্যাংস্টার নেতা আতিক আহমেদের সম্পত্তি লাগোয়া একাধিক বাড়ি ভেঙে দিয়েছিল প্রয়াগরাজ প্রশাসন। ওই ঘটনায় প্রত্যেক ক্ষতিগ্রস্তকে এদিন ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। বিচারপতিদের পর্যবেক্ষণ, অবৈধ বুলডোজার নীতি ‘অসংবেদনশীলতার’ জলজ্যান্ত উদাহরণ। ‘বিবেকের বিসর্জন’ দিয়েছে প্রশাসন।
ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করে গত মার্চ মাসেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কড়া ভাষায় আক্রমণ করেন উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি বলেন, "আম্বেদকর নগরে, একজন সরকারি কর্মকর্তা গাজোয়ারি করে মানুষের বাড়িঘর ভেঙে দিচ্ছেন, একটি বাচ্চা মেয়েকে তার বই বাঁচাতে দৌড়তে বাধ্য করছেন। এরাই সেই বিজেপি নেতা যারা বেটি বাঁচাও, বেটি পড়াও এর কথা বলে।"
उप्र के अम्बेडकर नगर में एक प्रशासनिक अधिकारी अपनी शान दिखाने के लिए लोगों की झोपड़ियां गिरा रहा है और एक बच्ची अपनी किताबें बचाने के लिए भागने पर मजबूर है। ये वही भाजपाई लोग हैं, जो कहते हैं : बेटी बचाओ, बेटी पढ़ाओ! pic.twitter.com/eSTJKvZZKD
— Akhilesh Yadav (@yadavakhilesh) March 22, 2025
শুধু অখিলেশই নন, উত্তরপ্রদেশ কংগ্রেসও এক্স হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে যোগী সরকারকে তুলোধনা করেন। অভিযোগ তোলা হয়, বুলডোজারের আঘাতে ভেঙে পড়া ঝুপড়ি থেকে একটি ছোট্ট মেয়ের সবচেয়ে মূল্যবান সম্পদ বই কেড়ে নেওয়া হয়েছে! এই ভিডিওটি ক্ষমতায় থাকা সরকারের পক্ষে অত্যন্ত লজ্জাজনক। শিশুদের হাত থেকে বই এবং মাথার উপরের ছাদ কেড়ে নেওয়া হয়েছে।
শীর্ষ আদালত এদিন স্পষ্ট জানিয়েছে, উত্তরপ্রদেশে যা ঘটেছে তা ‘অমানবিক এবং অবৈধ’। ২০২১ সালে আইনের পরোয়া করে যাঁদের বাড়ি ভাঙা হয়েছিল, সেই প্রয়াগরাজের লুকারঞ্জের বাসিন্দা এক আইনজীবী, এক অধ্যাপক এবং দু'জন মহিলাকে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ক্ষতিপূরণ হিসাবে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে প্রয়াগরাজ প্রশাসনকে।
এদিকে আম্বেদকর নগর পুলিশ বুলডোজার অভিযানের পক্ষে সওয়াল করে জানিয়েছে, বাসিন্দাদের একাধিক নোটিশ জারি করা হলেও লাভ কিছুই হয়নি। এরপর জালালপুর তহসিলদার আদালত জমির বেআইনি দখলদারির ভিত্তিতে এমন পদক্ষেপের নির্দেশ দেয়। তারপরেই চলে অভিযান।