
শেষ আপডেট: 2 October 2023 17:47
দ্য ওয়াল ব্যুরো: বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লির রাজঘাটে তৃণমূল যখন প্রতিবাদে সোচ্চার ঠিক তখনই বাংলার ১০০ দিনের কাজে বেনিয়মের অভিযোগে সিবিআই তদন্তের দাবি জানালেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং।
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর কথায়, “বাংলায় ১০০ দিনের কাজে ২৫ লক্ষ ভুয়ো জব কার্ড ব্যবহার করে টাকা তোলা হয়েছে। এটা শুধু চুরিই নয়, গা জোয়ারিও। এখন তো মনে হচ্ছে, সময় এসে গিয়েছে এটার তদন্তভার আমাকে সিবিআইয়ের উপর দিয়ে দিতে হবে!”
তৃণমূলের কর্মসূচি চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রীকে এভাবে সিবিআই তদন্তের দাবি কেন জানাতে হল, তা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। বস্তুত, রবিবার দিল্লি রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়েই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে গ্রেফতারের দাবি জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক।
দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।
ওয়াকিবহাল মহলের মতে, ১০০ দিনের কর্মসূচিকে ঘিরে রাজ্য বনাম কেন্দ্রর দ্বৈরথ নতুন নয়। স্বভাবতই, অভিষেকের গ্রেফতারির দাবির পাল্টা হিসেবেই গিরিরাজের সিবিআই হুঁশিয়ারি বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামোল্লেখ করে এদিন কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংকে বলতে শোনা যায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিচ্ছি, গরিবের লুট করা টাকা গরিবদের ফেরত দিন। ২৫ লক্ষ ভুয়ো জবকার্ডের টাকা কোথায় ব্যবহার করা হয়েছে, এটা কেন্দ্রীয় সরকার ও দেশবাসী জানতে চায়।’কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর অভিযোগ উড়িয়ে পাল্টা এক প্রেস বিবৃতিতে তৃণমূলের কটাক্ষ, “এতদিন তদন্তের প্রয়োজন মনে হল না, যেই বঞ্চিত মানুষেরা দিল্লি হাজির তখনই সিবিআই তদন্তের কথা!” প্রসঙ্গত, এদিনই অভিষেক জানিয়েছেন, “সিবিআই তদন্ত হোক, আপত্তি নেই, তবে তা হতে হবে আদালতের নজরদারিতে।”