
মালা-উত্তরীয় গলায় পরশুরাম ওয়াঘমারে এবং মনোহর যাদভে
শেষ আপডেট: 13 October 2024 19:04
দ্য ওয়াল ব্যুরো: সাংবাদিক গৌরী লঙ্কেশকে গুলি করে খুন করার মামলায় আট জনকে জামিনে মুক্তি দিয়েছে বেঙ্গালুরু দায়রা আদালত। তাদের মধ্যেই দু'জনকে উত্তরীয়, ফুলের মালা দিয়ে বরণ করল স্থানীয় হিন্দুত্ববাদী গোষ্ঠী।
গত ছয় বছর ধরে জেল খেটেছে পরশুরাম ওয়াঘমারে এবং মনোহর যাদভে। ৯ অক্টোবর, বুধবার তাদের জামিন দেয় বেঙ্গালুরুর আদালত। ১১ তারিখ পরাপ্পানের অগ্রহার জেল থেকে ছাড়া পায় তারা। আর সেখানের স্থানীয় হিন্দুত্ববাদী গোষ্ঠীর সদস্যরা ফুলের মালা আর উত্তরীয় দিয়ে দু'জনকে বরণ করে নিলেন।
হিন্দুত্ববাদী হওয়ার জন্যই তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল বলে অভিযোগ তাঁদের। অন্যায়ভাবে জেলে রাখার পর অবশেষে মুক্তি পেয়েছে বলেই তাদের বরণ করে নেওয়া হয়েছে বলে জানাচ্ছেন গোষ্ঠীর সদস্যরা।
পরশুরাম এবং মনোহর ছাড়াও জামিন পেয়েছেন অমল কালে, রাজেশ বাঙ্গেরা, বাসুদেব সূর্যবংশী, ঋষিকেশ দেবদেকর, গণেশ মিসকিন এবং অমিত রামচন্দ্র বাদ্দি।
এর আগে গত জুলাই মাসে তিন অভিযুক্ত অমিত দিগ্বেকর, এইচএল সুরেশ ও কেটি নবীন কুমারকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছিল। গত বছরের ডিসেম্বরে ছাড়া পান মোহন নায়েক নামে আর এক অভিযুক্ত। এই নিয়ে গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে মোট ১২ জনের জামিন হল।
সাংবাদিক গৌরী লঙ্কেশকে বেঙ্গালুরুর রাজরাজেশ্বরী নগর এলাকায় ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর তাঁর বাড়ির বাইরে তিন জন মোটরসাইকেল আরোহী গুলি করে হত্যা করেন। তিনি হিন্দুত্ববাদী রাজনীতির একজন স্পষ্টবাদী সমালোচক ছিলেন।