
ফাইল ছবি।
শেষ আপডেট: 1 January 2025 12:05
দ্য ওয়াল ব্যুরো: বছরের প্রথম দিনেই সুখবর! কমল গ্যাস সিলিন্ডারের দাম। তবে বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম একই থাকছে।
নতুন বছরের শুরুতে বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১৬ টাকা করে কমেছে। বুধবার পয়লা জানুয়ারি থেকেই নতুন দাম কার্যকরী হল।
১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম গত ডিসেম্বরে ১৬.৫০ টাকা বাড়ানো হয়েছিল। তার আগে অর্থাৎ নভেম্বরে ৬২ টাকা বাড়ানো হয়েছিল। আজ থেকে ১৬ টাকা দাম কমে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের বর্তমান দাম হল ১৮১৪ টাকা। একইভাবে কলকাতায় এই গ্যাসের দাম ১৯১১ টাকা, চেন্নাইতে ১৯৬৬ টাকা এবং মুম্বইয়ে ১৭৫৬ টাকা।
বস্তুত প্রতিমাসের ১ তারিখে রান্নার গ্যাসের দাম নতুন করে নির্ধারণ করা হয়। সেই হিসেবে বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার কিছুটা কমল। তবে বাড়িতে রান্নার ব্যবহারের জন্য ব্যবহৃত ১৪.২ কেজি সিলিন্ডারের দাম একই থাকছে। বর্তমানে কলকাতায় এই সিলিন্ডার পিছু গ্যাসের দাম ৮২৯ টাকা, দিল্লিতে ৮০৩ টাকা এবং মুম্বইয়ে ৮০২.৫০ টাকা।