
শেষ আপডেট: 18 October 2023 15:18
দ্য ওয়াল ব্যুরো: চন্দ্রযানের সাফল্যের পর ইসরো জানিয়েছিল, এবার মহাশূন্য অভিযানে যাবে ভারত। সেই মহাকাশযানের নাম গগনযান। ইসরোর তরফে কিছুদিন আগেই জানানো হয়েছিল, রোডম্যাপও তৈরি। এবার মহাকাশ অভিযানের দিনক্ষণ ঘোষণা করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। তারা জানিয়েছে আগামী ২১ অক্টোবর, অর্থাৎ মহাসপ্তমীর দিন শূন্যের উদ্দেশে রওনা হবে গগনযান।
এই অভিযানে প্রথমবার মানুষ পাঠানো হবে মহাশূন্যে। তবে প্রথমেই যে মানুষ পাঠানো হবে, তা নয়। ২১ তারিখ যে মহাকাশযান শূন্যে পাড়ি দেবে, সেটিতে কোনও মানুষ থাকবে না। পরীক্ষামূলক উড়ান হিসেবে পাঠানো হবে এই যান। তাতেই জানা যাবে, আদৌ মহাশূন্যে মানুষ পাঠানো যাবে কিনা। যদি এর উত্তর হ্যাঁ হয়, তাহলে ২০২৪ সালের মানুষ সহ গগনযান রওনা হবে মহাকাশের পথে।
তবে ১টি নয়, ২০২৩ সালে দুটি মানববিহীন উড়ান পাঠানো হবে মহাকাশ গবেষণার উদ্দেশে। ভারতের মহাকাশ প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ২১ অক্টোবর রওনা হবে প্রথম ওরা। মহাকাশের প্রাথমিক গবেষণার পর সেটিকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। 'এই মহাকাশযানটি উৎক্ষেপণের মূল উদ্দেশ্য হল আমরা মহাকাশচারীদের মহাকাশে পাঠাতে পারি কি না তা পরীক্ষা করা। এখনও পর্যন্ত শুধুমাত্র পরীক্ষার জন্যই যান পাঠানো হবে। মূল অভিযান শুরু হবে পরের বছর। তখন একজন মহিলা মহাকাশচারী সহ ৩ জন মহাকাশচারীকে পাঠানো হবে। গগনযানের সেই মডিউলে তাঁদের থাকার জন্য যথেষ্ট জায়গা থাকবে, এবং ভারত মহাসাগরে তা যখন পড়বে, তার জন্য যথেষ্ট সুরক্ষা ব্যবস্থা থাকবে,' জানিয়েছেন তিনি।
তবে গগনযানে যাঁরা সওয়ার হবেন, তাঁদের খাওয়া-দেওয়ার ব্যাপারেও বিধিনিষেধ রয়েছে। মহাকাশে গিয়ে মনের মতো পেটপুজো চলবে না একদমই, এমনই নির্দেশ জারি করেছে ইসরো (ISRO)। খেতে হবে ডায়েট মেনেই। সেদ্ধ খাবারের সঙ্গে থাকবে নানারকম ফল। সবই প্যাকেটে সিল করে দেওয়া হবে। ইচ্ছা মতো খাবার নিয়ে যাওয়া যাবে না কোনওভাবেই।
পৃথিবীর মাটি ছাড়াবার আগেই গগনযানে প্যাকেটভর্তি খাবার ভরে দেবেন ইসরোর বিজ্ঞানীরা। পাউচে যাবে জল ও ফ্রুট জুস। মহাকাশচারীদের পুষ্টি ও শরীরের কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ।