দ্রৌপদী মুর্মু
শেষ আপডেট: 15 February 2025 17:03
দ্য ওয়াল ব্যুরো: কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত শিক্ষার অগ্রগতির সঙ্গে ভবিষ্যৎ আরও নাটকীয় হতে চলেছে। সময় যত গড়াচ্ছে পাল্লা দিয়ে উন্নত হচ্ছে প্রযুক্তি। আর সেই প্রযুক্তিতে ভর করেই উন্নত হচ্ছে সমাজ। কেন্দ্রের মোদী সরকার উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে অন্তর্ভুক্ত করার পদক্ষেপ নিচ্ছে বলে জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
শনিবার রাঁচির মেসরায় অবস্থিত বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি বলেন, কেন্দ্র উচ্চশিক্ষার কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ নিয়েছে। এমনকি ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কোর্সও চালু হয়েছে।
রাষ্ট্রপতি জানান, প্রযুক্তি হাতেকলমে শেখার কারণে বহু সুযোগ তৈরি হচ্ছে। সমাজের পিছিয়ে পড়া মানুষদেরও বিষয়টি বোঝানো উচিত এবং প্রযুক্তি সবার ভাল কাজে ব্যবহার হোক।
দ্রৌপদী মুর্মু মনে করিয়ে দেন, কখনও ঐতিহ্যবাহী শিক্ষাকে উপেক্ষা করা উচিত নয়। প্রায়শই, সমস্যার জন্য বড় প্রযুক্তিগত হস্তক্ষেপের প্রয়োজন হয় না। এদিন রাষ্ট্রপতি বিজ্ঞান, প্রযুক্তির উপর আয়োজিত একটি প্রদর্শনীর উদ্বোধন করেন। যার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা-সক্ষম রোবট এবং স্ব-চালিত গাড়ি-সহ একাধিক জিনিস ছিল।
শুক্রবার দু'দিনের ঝাড়খণ্ড সফরে এসেছেন রাষ্ট্রপতি মুর্মু। তার সফরকে সামনে রেখে ঝাড়খণ্ডের রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।