
জন্মদিনেই খুন যুবক।
শেষ আপডেট: 4 July 2024 09:37
দ্য ওয়াল ব্যুরো: জন্মদিনে বন্ধুদের ডেকে পার্টির ব্যবস্থা করেছিলেন ২৩ বছরের কার্তিক। পার্টি বলতে তিন বন্ধুকে ডেকে ঘরোয়া খাওয়াদাওয়া, আনন্দ। দুঃস্বপ্নেও ভাবেননি, এই আনন্দই হবে শেষ আনন্দ! ২৩তম জন্মদিনে বাড়িতে ডাকা তিন প্রিয় বন্ধুই খুন করবে কার্তিককে! তাও আবার কী কারণে? না পার্টিতে মদ-বিয়ারের আয়োজন কেন কম, সেই অভিযোগে!
জানা গেছে, মদ না পেয়ে জন্মদিনেই যুবককে ছাদ থেকে ধাক্কা মারে ওই তিন বন্ধু। মারা যান ঠাণের উল্লাসনগর বাসিন্দা, ২৩ বছরের কার্তিক ভয়াল।
পারিবারিক সূত্রের খবর, আনন্দেই কাটছিল জন্মদিনের সন্ধ্যা। নিজের বাড়ির ছাদে বন্ধুদের সঙ্গে মেতে উঠেছিলেন বার্থডে বয় কার্তিক। কিন্তু ঝগড়া বাঁধে মদে টান পড়ায়। কেন আরও বিয়ার নেই পার্টিতে, সেই নিয়ে কার্তিকের সঙ্গে বচসা শুরু হয় হয় তিন বন্ধুর। তাই থেকে হয় হাতাহাতি।
পুলিশ জানিয়েছে, ঝগড়া চলার সময়ে রাগের মাথায় এক বন্ধুকে মদের বোতল দিয়ে মারেন কার্তিক। তার পরেই তিন বন্ধু মিলে একসঙ্গে আক্রমণ করে কার্তিককে। বেধড়ক মারধর করতে থাকে তাঁকে। শেষে চারতলা থেকে কার্তিককে ধাক্কা মেরে ফেলে দেয় ওই তিন জন। সঙ্গে সঙ্গে থেঁতলে মৃত্যু হয় কার্তিকের। তখনই পালিয়ে যায় তিন বন্ধু।
পরে অবশ্য পুলিশ ধরে ফেলে ২৩-২৪ বছর বয়সি তিন অভিযুক্ত ধীরজ যাদব, নীলেশ ক্ষীরসাগর এবং সাগর কালেকে। যদিও তারা অপরাধ স্বীকার করেনি প্রথমে। তারা দাবি করে, কার্তিকের মার খেয়ে নীলেশ জখম হলে তাকে নিয়ে হাসপাতালে গিয়েছিল দু'জন। ফিরে এসে মৃত অবস্থায় দেখতে পায় কার্তিককে।
তিন বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি হেফাজতে রাখা হয়েছে তাদের।