
প্রতীকী ছবি।
শেষ আপডেট: 13 June 2024 08:17
দ্য ওয়াল ব্যুরো: 'আপনার ছেলে রেপ কেসে ধরা পড়েছে, পুলিশ কাস্টডিতে আছে। ওর নাম মামলা থেকে সরাতে হলে, ৫ লাখ টাকা দিতে হবে।'-- এরকমই পরপর কয়েকটা ফোন কল পাওয়ার পরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ম্যাঙ্গালোর শহরে। অভিযোগ উঠেছে, এই নিয়ে বেশ কয়েকটি এরকম ঘটনা সামনে এসেছে, যে সন্তানদের পুলিশের জাল থেকে মুক্তি দেওয়ার বিনিময়ে বিপুল মুক্তিপণ দাবি করে ফোন এসেছে, হুমকি দেওয়া হয়েছে এবং ব্ল্যাকমেল করা হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই দেখা গেছে, এরকম কোনও ঘটনাই ঘটেনি, ছেলেটি দিব্যি কলেজে পড়াশোনা করছে বা বন্ধুর বাড়িতে রয়েছে।
পুলিশ জানিয়েছে, চলতি সপ্তাহের মঙ্গলবার বিকেল থেকে এরকম একাধিক ফোন কলের অভিযোগ জমা পড়েছে। প্রায় সব ক্ষেত্রেই কলেজের ফার্স্ট ইয়ারের পড়ুয়াদের অভিভাবকরা হুমকি কল পেয়েছেন। এক পুলিশ অফিসারের কথায়, 'অভিভাবকদের কল করে ওপার থেকে দাবি করা হয়, যে তাঁদের সন্তানদের হয় গণধর্ষণ মামলায় আটক করা হয়েছে বা অপহরণ করা হয়েছে। ওই ছাত্রদের মুক্তি দিতে বা মামলা থেকে তাদের নাম সরাতে ৫ লক্ষ টাকা দিতে হবে। '
প্রথমে এমন ফোন কল পেয়ে স্বাভাবিক ভাবেই সব বাবা-মাই ঘাবড়ে গেছেন। বিশেষ করে সন্তানের ব্যাপারে এতই বিস্তারিত ও নিখুঁত বর্ণনা দেওয়া হয়েছে প্রতারকদের তরফে, যে এটি ভুয়ো কেস বলে মনেই হয়নি অনেকের। কিন্তু সন্তানকে ফোন করে বিষয়টি যাচাই করতে গেলেই সামনে এসেছে সত্য।
তদন্তে জানা গেছে, ওই কলগুলি এসেছিল +923354533015 এবং +48699532787 নম্বর থেকে। এই নম্বরগুলিকে ট্রুকলার অ্যাপে দেখিয়েছে 'সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন' অফিসারদের নামে৷ তার উপরে ইউনিফর্ম পরা পুলিশ অফিসারদের ছবিও রয়েছে।
পরপর এমন ঘটনা সামনে আসার পরে পুলিশ সতর্ক করেছে নাগরিকদের। পুলিশের সন্দেহ, কেউ কলেজ থেকে বা অভিভাবকদের থেকেই বুঝতে না দিয়ে ছেলের সম্পর্কে বিশদ তথ্য জোগাড় করছে এবং এমন সময়ে ফোনগুলি করছে, যখন ছেলে বাড়িতে নেই, অন্য কোনও কাজে ব্যস্ত আছে বাইরে।
তবে এই ফোন কল যে একেবারেই নতুন তা নয়। গত মাসেই মুম্বইয়ের এক রেল অফিসার তাঁর ছেলেকে নিয়ে এমন একটি ফোন পাওয়ার পরে ৪৮ হাজার টাকা দিয়েও বসেন প্রতারকদের। তার পরে ছেলের সঙ্গে কথা বলে সব বুঝতে পারলে পুলিশকে জানান গোটা ঘটনা।
এবার ম্যাঙ্গালোরেও ছড়িয়েছে এই প্রতারণার জাল। পরপর একইরকম ভুয়ো ফোন কল পাচ্ছেন অভিভাবকরা।