.webp)
নিরাপত্তার ঘেরাটোপে ভোটপর্ব চলছে।
শেষ আপডেট: 13 May 2024 18:11
দ্য ওয়াল ব্যুরো: চতুর্থ দফার লোকসভা নির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়ল ৬২ শতাংশ। সোমবার ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকার মোট ৯৬টি আসনে ভোটগ্রহণ হয়। এর মধ্যে পশ্চিমবঙ্গে সর্বাধিক ভোট পড়েছে। মধ্যপ্রদেশে ৬৮.০১ শতাংশ, জম্মু-কাশ্মীর ও মহারাষ্ট্রে সব থেকে কম ৩৫.৭৫ শতাংশ এবং ৫২.৪৯ শতাংশ ভোট পড়ে।
অন্ধ্রপ্রদেশ ৬৮.০৪ শতাংশ, বিহারে ৫৪.১৪ শতাংশ, ঝাড়খণ্ডে ৬৩.১৪ শতাংশ, ওড়িশায় ৬২.৯৬ শতাংশ, তেলঙ্গানায় ৬১.১৬ শতাংশ এবং উত্তরপ্রদেশে ৫৬.৩৫ শতাংশ ভোট পড়ে এদিন। মোটের উপর শান্তিতেই চতুর্থ দফার ভোটপর্ব মিটলেও অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গে দুএকটি বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে।
অন্ধ্রের তেলুগু দেশম পার্টি এবং ওয়াইএসআরসিপি পরস্পরের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ তুলেছে। এর মধ্যে বুথ দখল থেকে প্রার্থীদের গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে। ওয়াইএসআরের এক বিধায়ক এক ভোটারকে চড় মেরেছেন বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, হায়দরাবাদের বিজেপি প্রার্থী কে মাধবী লতা মুসলিম মহিলা ভোটারদের বোরখা তুলে মুখ দেখেছেন বলে অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, আগের তিন পর্বে প্রদত্ত ভোটদানের হার ছিল ৬৬.১৪, ৬৬.৭১ এবং ৬৫.৬৮ শতাংশ।
রাজ্যে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে গড়ে ৭৫.৬৬ শতাংশ। তবে তাৎপর্যপূর্ণভাবে কম ভোট পড়েছে আসানসোল আসনে। আসানসোলে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৯.৪৩ শতাংশ।কমিশন জানিয়েছে, মোটের উপর ভোট শান্তিপূর্ণ হয়েছে। এদিন বিকেল ৫টা পর্যন্ত বহরমপুরে ভোট পড়েছে ৭৫.৩৫ শতাংশ। কৃষ্ণনগরে ৭৭.২৯ শতাংশ, রানাঘাটে ৭৭.৪৬ শতাংশ, বর্ধমান পূর্বে ৭৭.৩৬ শতাংশ, বর্ধমান-দুর্গাপুরে ৭৫.০২ শতাংশ, বোলপুরে ৭৭.৭৭ শতাংশ এবং বীরভূমে ৭৫.৪৫ শতাংশ ভোট পড়েছে।