
গত ৪৫ দিনের মধ্যে অন্তত চার লক্ষ মুরগি মারা গিয়েছে।
শেষ আপডেট: 5 February 2025 13:42
দ্য ওয়াল ব্যুরো: ফের বার্ড ফ্লু-র হানা! অন্ধ্রপ্রদেশে নিদেনপক্ষে ৪ লক্ষ মুরগির মৃত্যু হয়েছে এই রোগে। যার জেরে বুধবার নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। সকলের অনুমান, বার্ড ফ্লু সংক্রমণে পালে পালে মুরগির মৃত্যু হলেও সঠিক কারণটি যাচাই করার জন্য নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। অন্ধ্রের পশ্চিম গোদাবরী জেলায় মূলত এই রোগের প্রকোপ দেখা গিয়েছে। সরকারি হিসেবে, গত ৪৫ দিনের মধ্যে অন্তত চার লক্ষ মুরগি মারা গিয়েছে।
রাজ্যের পশুপালন দফতরের ডিরেক্টর দামোদর নাইডু বুধবার সাংবাদিকদের বলেন, ভোপাল ও বিজয়ওয়াড়ার ল্যাবে নমুনা পাঠানো হয়েছে। তারপরেই এত পরিমাণে মুরগির মৃত্যুর কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বার্ড ফ্লু-র কারণেই মুরগি খামারগুলি শূন্য হয়ে পড়ছে। নাইডুর অভিযোগ, মুরগি চাষিদের দায়িত্বজ্ঞানহীন আচরণও এই সংক্রমণ ছড়িয়ে পড়ার অন্যতম কারণ।
তাঁর দাবি, মৃত মুরগিদের যত্রতত্র ফেলে দিচ্ছেন পোলট্রি মালিকরা। কেউ কেউ সোজা খালের জলে এবং জঞ্জাল ফেলার স্তূপে ফেলে চলে যাচ্ছেন। সে কারণে সংক্রমণ হু-হু করে বাড়ছে। ন্যূনতম সতর্কতা অবলম্বন না করার জন্যই পরিস্থিতি বিগড়ে গিয়েছে বলে তাঁর অভিযোগ। পশুপালন দফতরের আধিকারিকদের মতে, বার্ড ফ্লু প্রতিবছরই হানা দেয়। পশুপালন দফতরের তরফে পোলট্রি মালিকদের সচেতনতায় উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য পশু চিকিৎসকদের গ্রামে গ্রামে পাঠানোর তৎপরতা শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, এই সপ্তাহের শেষাশেষি সংক্রমণের হার কমতে শুরু করবে।