
প্রতীকী চিত্র
শেষ আপডেট: 2 October 2024 17:51
দ্য ওয়াল ব্যুরো: অস্বাভাবিক মৃত্যু একই পরিবারের চার জনের। ঘটনাকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়েছে মহারাষ্ট্রের নাগপুরে। দুই সন্তান-সহ ওই পরিবারের চারজনের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। দায়ের হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলাও।
পুলিশ সূত্রে খবর, মহারাষ্ট্রের নাগপুরে বসবাসকারী ওই পরিবারে প্রতিদিনই বিভিন্ন কারণে অশান্তি লেগে থাকত। মৃতদের মধ্যে বিজয় মধুকর পাচোরি এবং তাঁর স্ত্রী মালার পাশাপাশি দুই সন্তান গণেশ ও দীপকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।
৬৮ বছর বয়সি মধুকর অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। সম্প্রতি একটি মামলায় ওই পরিবারের ছোট ছেলে গণেশের নামে মধ্যপ্রদেশের একটি থানায় অভিযোগ দায়ের হয়। পরে পুলিশ তাঁকে গ্রেফতারও করে বলে খবর। এরপর থেকেই ওই পরিবারকে একঘরে করে দেওয়া হয়েছিল।
প্রতিবেশীদের অভিযোগ, মঙ্গলবার রাত থেকেই ওই পরিবারের সদস্যদের সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। এরপরই সন্দেহ হওয়ায় তাঁদের একাধিকবার ডাকাডাকি করেও উত্তর মেলেনি। পুলিশকে খবর দেওয়া হলে বাড়ির দরজা ভেঙে চারজনের দেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে পরিবারের সদস্যদের সই করা একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে বলে খবর। তবে কী কারণে একসঙ্গে ওই চারজন আত্মহত্যা করলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। চারজনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই আসল সত্য সামনে আসবে বলেই জানিয়েছে পুলিশ।