1.jpeg)
মনমোহন সিং ও মারুতি ৮০০ গাড়ির ছবি
শেষ আপডেট: 27 December 2024 12:18
দ্য ওয়াল ব্যুরো: সাধারণ জীবনযাপনেই অভ্যস্ত ছিলেন অসাধারণ মেধা ও প্রজ্ঞা সম্পন্ন মানুষটি। এতটাই সাধারণ, যে প্রধানমন্ত্রী হওয়ার পরেও বাস্তবের মাটিতে পা রেখে চলতেই পছন্দ করতেন। সবসময়। এমনকি বিলাসবহুল গাড়ি চড়তেও আপত্তি ছিল তাঁর, ছোট্ট মারুতি ৮০০-ই ছিল প্রিয় বাহন।
দেশের অর্থনৈতিক সংস্কারের জনক তথা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে এই কথাগুলিই ভাগ করে নিলেন উত্তরপ্রদেশের মন্ত্রী অসীম অরুণ। একসময় প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহরক্ষী ছিলেন তিনি। অনেকগুলো বছর কাছ থেকে দেখেছেন ‘স্যার’কে।
প্রিয় স্যারের প্রয়াণে শোকপ্রকাশ করতে গিয়ে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি জানান, ‘কোটি কোটি টাকার বিএমডব্লিউ নয়, মনমোহন স্যারের সবচেয়ে পছন্দের ছিল মারুতি ৮০০ গাড়িটি।’
বৃহস্পতিবার ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। দিল্লির এইমস হাসপাতালে তাঁকে প্রবল শ্বাসকষ্ট নিয়ে ভর্তি করা হয়েছিল। প্রথমে এমারজেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল বর্ষীয়ান এই রাজনীতিককে। পরে তাঁকে আইসিইউয়ে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।
যোগী সরকারের মন্ত্রী অসীমের সঙ্গে মনমোহনের সম্পর্ক বহুদিনের। ২০০৪ সাল থেকে তিন বছর প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহরক্ষী ছিলেন তিনি। সে কারণেই খুব কাছ থেকে তাঁকে দেখার সৌভাগ্য হয়েছিল অসীমের। সে কথাই এদিন সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তিনি। ১৯৯৬ সালে মারুতি গাড়িটি কিনেছিলেন তিনি। তাঁর মৃত্যুর আগে পর্যন্ত দীর্ঘ ২৮ বছর সেটি সযত্নে আগলে রেখেছিলেন তিনি। ২০১৪ সালে নির্বাচনী মনোনয়নপত্রে মনমোহন জানিয়েছিলেন তাঁর গাড়ির দাম ছিল ২১ হাজার ৩৩ টাকা।
मैं 2004 से लगभग तीन साल उनका बॉडी गार्ड रहा। एसपीजी में पीएम की सुरक्षा का सबसे अंदरुनी घेरा होता है - क्लोज़ प्रोटेक्शन टीम जिसका नेतृत्व करने का अवसर मुझे मिला था। एआईजी सीपीटी वो व्यक्ति है जो पीएम से कभी भी दूर नहीं रह सकता। यदि एक ही बॉडी गार्ड रह सकता है तो साथ यह बंदा… pic.twitter.com/468MO2Flxe
— Asim Arun (@asim_arun) December 26, 2024
অসীম লিখেছেন, ‘মনমোহন সিং স্যারের একটাই পছন্দের গাড়ি ছিলেন, সেটা মারুতি ৮০০। যেটা প্রধানমন্ত্রীর বাসভবনে কালো বিএমডব্লিউ গাড়ির পিছনে রাখা থাকত। স্যার আমাকে বারবার বলতেন, ‘অসীম আমাকে দেওয়া কোটি কোটি টাকার গাড়িতে আমি ভ্রমণ করব না। আমি দামি জীবন পছন্দ করি না। আমার একটাই গাড়ি। আর সেটা মারুতি ৮০০।’
তিনি আরও লেখেন, এমন কথা শোনা মাত্রই মনমোহন সিংকে বলেছিলেন, ‘এই গাড়ি আপনার বিলাসিতা নয়, নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে। যে দায়িত্ব সরকার আমাকে দিয়েছে।’ কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী সবসময় মধ্যবিত্ত মানুষ হয়েই থাকতে পছন্দ করতেন। বলতেন, ‘দেশের সাধারণ মানুষকে দেখাশোনা করা আমার কাজ। তাই আমি সাধারণ মারুতিতেই যাতায়াত করব।’
উত্তরপ্রদেশের মন্ত্রী আরও লিখেছেন, ‘একজন প্রধানমন্ত্রী হয়েও তাঁর এমন ভাবনা সত্যি আমাকে অবাক করেছিল। তিনি অন্য কোনও গাড়ি নয়, নিজের মারুতিতেই চড়তে বেশি ভালবাসতেন তিনি।’