
চম্পাই সোরেন।
শেষ আপডেট: 21 August 2024 18:34
দ্য ওয়াল ব্যুরো: বিজেপিতে যোগ নয়, নয়া দল গঠন করতে চলেছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। একইসঙ্গে ফের সরকার গঠনের আশা জিইয়ে রেখে জোট-দরজা খুলে রাখলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান তথা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে 'অপমানিত' বর্ষীয়ান এই নেতা।
চম্পাই সোরেনের বুধবারের এই ঘোষণায় আসন্ন বিধানসভা নির্বাচনে বিপাকে পড়তে পারে জেএমএম-কংগ্রেস-আরজেডি জোট। কারণ আদিবাসীদের মধ্যে ব্যাপক প্রভাবশালী চম্পাই দল গঠনের সময় থেকে 'গুরুজি' শিবু সোরেনের ছায়াসঙ্গী ছিলেন। দলেও তাঁর অনুগামীর সংখ্যা নেহাত কম নয়। ফলে তাঁকে শিখণ্ডী খাড়া করে এই রাজ্যেও অপারেশন কমল চালাতে পারে বিজেপি।
এদিন সাংবাদিকদের চম্পাই বলেন, আমি তিনটি রাস্তার কথা বলেছিলাম। অবসর, সংগঠন অথবা বন্ধু। এখন জানাচ্ছি, আমি রাজনৈতিক সন্ন্যাস নিচ্ছি না। আমি একটি দল গড়ছি, সেই দলকে শক্তিশালী করে তোলাই হবে আমার কাজ। এই পথে যদি কোনও ভালো বন্ধুর দেখা মেলে, তাহলে তাদের সঙ্গে পথ চলব। তিনি আরও বলেন, দলের জন্য আমি সারা জীবন দিয়ে দিয়েছি। তারপরেও জেএমএম নেতাদের কাছ থেকে জুটেছে হেনস্তা ও অপমান।
এদিন তিনি তাঁর পৈতৃক ভিটে ঝিলিঙ্গোরা গ্রামে পৌঁছে সাংবাদিকদের বলেন, এটা আমার জীবনের নতুন অধ্যায়। আমি রাজনীতি ছেড়ে সরে যাচ্ছি না। আমার অনুগামীরা আমাকে ছাড়তে চাইছেন না। তাঁদের ভালোবাসা ও সমর্থন মাথায় নিয়ে নতুন পথে এগবো। আগের অধ্যায় শেষ। আমি নতুন দল গঠন করতে চলেছি। সবকিছু সপ্তাহখানেকের মধ্যে পরিষ্কার হয়ে যাবে।
তিনি দুঃখের সঙ্গে জানান, জেএমএমের কেউ আমার সঙ্গে যোগাযোগ করেননি। এই ঝাড়খণ্ডের মাটি থেকে আমি ছাত্রাবস্থা থেকে আদিবাসীদের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছি। শিবু সোরেনের নেতৃত্বে পৃথক ঝাড়খণ্ডের দাবিতে কাঁধে কাঁধ রেখে লড়েছি। তারপরেও আমার অজ্ঞাতে জোট নেতাদের সঙ্গে গোপন আলোচনা করে আমাকে সরিয়ে দেওয়া হয়। অথচ এই আমিই হেমন্ত সোরেন যখন জেলে যান, তখন শক্ত হাতে রাজ্যের হাল ধরেছিলাম।