
রামনবমীর আগে সেজে উঠেছে অযোধ্যা। দ্য ওয়াল ফাইল।
শেষ আপডেট: 11 April 2024 20:37
দ্য ওয়াল ব্যুরো: রামনবমীর আর মাত্র ক'টাদিন বাকি। অযোধ্যার নবনির্মিত রামমন্দিরে ইতিমধ্যেই পুরোদমে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। পবিত্র গর্ভগৃহে এবার এনে রাখা হল বহুমূল্য 'রামচরিতমানস'-এর একটি সংস্করণ। সোনা, রুপো ও তামা দিয়ে বাঁধানো যে পুস্তকের মূল্য প্রায় ৫ কোটি টাকা!
রামমন্দির প্রতিষ্ঠিত হ'বার পরে নিজের জীবনের সমস্ত সঞ্চয় শ্রীরামচন্দ্রের সেবায় দান করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রহ্মনিয়ম লক্ষ্মীনারায়ণ ও তাঁর স্ত্রী সরস্বতী। সেইমত বাইশ ক্যারাট সোনা, রুপো ও তামা দিয়ে ১৪২ কিলো ওজনের এই পুস্তক বানাতে দিয়েছিলেন প্রবীণ এই দম্পতি। ৫২২ পাতার এই পুস্তকের প্রতিটি পাতা সোনা দিয়ে বাঁধানো, রয়েছে রুপো ও তামার কাজও। চেন্নাইয়ের এক বিখ্যাত স্বর্ণকার প্রতিষ্ঠানে আট মাস ধরে চলেছে পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা ও সেইমত তার লিখন। এমনভাবে বানানো হয়েছে যাতে সামনে রেখে পাঠে কোনও অসুবিধে না হয়। ঘটনাচক্রে, চেন্নাইয়ের এই স্বর্ণকার প্রতিষ্ঠানই সংসদ ভবনে স্থাপিত সেঙ্গোল বানিয়েছিল। এবার তাদের শিল্পীদের হাতে রূপ পেল অবধী উপভাষায় ১০,০০০ ছত্রে লিখিত গোস্বামী তুলসীদাসের অতুল কীর্তি।
রামমন্দির ট্রাস্টের তরফে প্রকাশ গুপ্ত সংবাদমাধ্যমকে বলেন, "ওই অবসরপ্রাপ্ত আধিকারিক শ্রীরাম ও শ্রীবিষ্ণুর পরম ভক্ত। এই মহান কাজের জন্য তিনি তাঁর সারা জীবনের সমস্ত সঞ্চয় দান করেছেন।" ধাপে ধাপে ওই পুস্তক আনা হয়েছে অযোধ্যায়, পরে মন্দিরেই সেসব পুনরায় সজ্জিত করা হয়েছে।
ষোলো শতকে গোঁসাই তুলসীদাস রচনা করেন রামায়ণ মহাকাব্যের সবচেয়ে খ্যাতনামা অনুসারী কাব্য 'রামচরিতমানস'। বলা হয়ে থাকে, হিন্দি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত সৃষ্টি এই কাব্য। প্রকাশের পর থেকেই গাঙ্গেয় অববাহিকার গ্রামে-গ্রামান্তরে প্রবল জনপ্রিয় হয়ে ওঠে এই কাব্য। সংস্কৃতের বদলে লোকপ্রচলিত অবধীতে লেখা এই কাব্য ছিল ভক্তজনের কাছে সহজবোধ্য। আজও যার আবেদন অমলিন। আজও রাম উপাসনার লৌকিক ইতিহাসে রামচরিতমানসের গুরুত্ব অপরিসীম।
রামনবমীর পূর্বে অযোধ্যায় ইতিমধ্যেই শুরু হয়েছে নবরাত্রির উৎসব। প্রভূত ভক্তসমাগম হয়েছে এই উপলক্ষ্যে। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ ও নিরাপত্তারক্ষী। সরযূতে স্নান করে পুণ্যার্থীরা চলেছেন প্রভু শ্রীরামের দর্শনে। রামনবমীর বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রস্তুতিতে কার্যত সাজো সাজো রব অযোধ্যাজুড়ে।