
লালকৃষ্ণ আডবানি
শেষ আপডেট: 6 August 2024 16:52
দ্য ওয়াল ব্যুরো: কয়েক সপ্তাহের ব্যবধানে পরপর দু'বার হাসপাতালে ভর্তি করা হয়েছিল দেশের প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানিকে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে বাড়ি ফেরানোও হয়। যদিও তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। এবার আবারও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রের খবর।
দেশের প্রাক্তন উপ প্রধানমন্ত্রী বিজেপি নেতা আডবানি বার্ধক্যজনিত অসুখে ভুগছেন। হাসপাতাল সূত্রে খবর, এর আগে যে সমস্যা নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেই একই সমস্যা আবার ফিরে এসেছে। যদিও এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে। বিগত কয়েক মাস ধরেই শরীর ভাল যাচ্ছে না ৯৬ বছরের লালকৃষ্ণ আদবানির। গত জুলাই মাসে প্রথমে এইমসে ভর্তি থাকার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। এর কয়েকদিন পরেই তাঁকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁর জন্য বিশেষ মেডিক্যাল টিমও তৈরি হয়। এখন আবার তাঁকে অ্যাপোলোতেই ভর্তি করা হয়েছে।
কয়েক মাস আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ভারতরত্ন পুরস্কার নিয়েছেন লালকষ্ণ আদবানি। বর্ষীয়ান এই নেতার বাড়িতে গিয়ে তাঁর হাতে সেই পুরস্কার তুলে দিয়েছিলেন রাষ্ট্রপতি। সেদিন নেতার বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ অনেকেই উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ভারতীয় জনতা পার্টির উত্থানের পিছনে অন্যতম কান্ডারি লালকৃষ্ণ আদবানি। ১৯৮৬ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত একাধিক দফায় বিজেপি সভাপতি ছিলেন তিনি। ১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ২০০২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের উপপ্রধানমন্ত্রীর পদও সামলেছেন।