
বেঙ্গালুরুতে মাংস বিতর্ক
শেষ আপডেট: 27 July 2024 19:00
দ্য ওয়াল ব্যুরো: স্টেশনে খাসির মাংসের পরিবর্তে কুকুরের মাংস নিয়ে আসা হচ্ছে, এই অভিযোগে বেঙ্গালুরুতে শোরগোল শুরু হতেই নড়েচড়ে বসল প্রশাসন। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস ডিপার্টমেন্টের কমিশনার বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট দফতরের তরফে মাংসের নমুনা নিয়ে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ঘটনার সূত্রপাত শুক্রবার। গতকাল সন্ধ্যায় কেএসআর রেলওয়ে স্টেশনে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ওই স্টেশনে খাসির মাংসের পরিবর্তে কুকুরের মাংস আনা নিয়ে এক বিক্রেতার বিরুদ্ধে অভিযোগ তোলে হিন্দুত্ববাদী দলগুলি। তাঁদের অভিযোগ, জয়পুর থেকে জয়পুর-মাইসুরু এক্সপ্রেসের মাধ্যমে মাংসগুলি নিয়ে আসা হয়। যদিও বিক্রেতার দাবি, গত ১২ বছর ধরে ব্যবসার সঙ্গে জড়িত তিনি, শুধুমাত্র খাসির মাংস বিক্রি করেন। এই নিয়েই স্টেশন চত্বরে উত্তেজনা ছড়ায়।
খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় ফুড সেফটির আধিকারিকেরা। এরপরই কোন প্রাণীর মাংস তা পরীক্ষা করার জন্য সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়। এরপর তা ল্যাবের টেস্টের জন্য পাঠানো হয়। কমিশনার বলেন, "পরিদর্শনের সময়ে, রাজস্থান থেকে ট্রেনে করে আসা পার্সেলগুলি স্টেশনের বাইরে একটি গাড়িতে তুলতে দেখা যায়। গাড়িতে ৯০ টি পারসেল তোলা হয়। মাংসের নমুনা সংগ্রহ করে প্রাণীর প্রজাতির বিষয়ে বিশ্লেষণ করতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।”
অন্য কোনও রকম মাংসের মিশ্রণ দেখা গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন কমিশনার। এপ্রসঙ্গে তাঁর বক্তব্য, "ল্যাবে পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিক্রেতার এফএসএসএআই লাইসেন্স এবং পারসেল প্রাপকদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। যদি কোনও রকম অসংগতি লক্ষ্য করা যায় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।" এদিকে গোটা বিষয়টি নিয়ে বেঙ্গালুরুর মাংসপ্রেমীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।