.webp)
চিঠিতে উল্লিখিত বিষয়গুলির উপর সিবিআই যেন নজর রাখে এবং তদন্ত করে দেখে।
শেষ আপডেট: 17 September 2024 12:22
দ্য ওয়াল ব্যুরো: আর জি কর কাণ্ডে নির্যাতিতার বাবার লেখা গত ১২ সেপ্টেম্বরের চিঠি নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সিবিআইকে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এক নির্দেশে বলেন, চিঠিতে উল্লিখিত বিষয়গুলির উপর তারা যেন নজর রাখে এবং তদন্ত করে দেখে। তদন্তকারী সংস্থার তরফে সলিসিটির জেনারেল তুষার মেহতা আশ্বাস দেন, সিবিআই ইতিমধ্যেই বাবার লেখা বিষয়গুলির উপর নজর রেখেছে এবং সেগুলি পর্যালোচনা করে দেখবে। এদিন পশ্চিমবঙ্গ সরকারের তরফে অপরাধঘটিত সমস্ত তথ্য, সিসিটিভির ফুটেজ সিবিআইকে দেওয়া হয়েছে আদালতে জানানো হয়।
একইসঙ্গে সর্বোচ্চ আদালত পরবর্তী শুনানির দিন সিবিআইকে আর জি কর হাসপাতালের ধর্ষণ ও খুনের মামলার সঙ্গে আর্থিক দুর্নীতিঘটিত অপরাধের তদন্তেরও স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর কাণ্ডে শুনানিতে ডাক্তারদের তরফে প্রবীণ কৌঁসুলি ইন্দিরা জয়সিং বলেন, অপরাধের ঘটনাস্থলে আরও কিছু ব্যক্তি উপস্থিত ছিলেন। আমরা তাঁদের নাম সিবিআইয়ের কাছে মুখবন্ধ খামে দিতে চাই। যা আদালতের সামনে বা প্রকাশ্যে আনতে চাইছি না। চন্দ্রচূড় তার জবাবে বলেন, তদন্তের কাজে আরও সময় লাগবে। সিবিআইকে আমাদের সময় দেওয়া উচিত। সত্যকে খুঁজে বের করতে তাদের প্রয়োজনীয় সময় প্রয়োজন।
প্রধান বিচারপতি মঙ্গলবার আরও বলেন, নির্যাতিতার বাবার কিছু নির্দিষ্ট বিষয়ে উদ্বেগের যথেষ্ট কারণ আছে। আমরা গোপনীয়তার জন্য সেই দরখাস্ত প্রকাশ করছি না। তবে সিবিআইয়ের পক্ষে তা অত্যন্ত মূল্যবান তথ্য হতে পারে। এমনিতেই পাঁচদিন দেরি হয়ে যাওয়ায় তদন্ত ব্যাহত হয়েছে বলে মনে করেন তিনি।
সলিসিটর জেনারেল তুষার মেহতা উল্লেখ করেন, একটি বিশেষ উদ্বেগের বিষয় রয়ে গিয়েছে। তা হল #Wikipedia-য় নির্যাতিতা নাম ও ছবি এখনও রয়ে গিয়েছে। তার উত্তরে প্রধান বিচারপতি বলেন, আমরা নিশ্চই নির্দেশ দেব যাতে ওখানে নির্যাতিতার কোনও পরিচয় আর না থাকে।