খাদে পড়ল বরযাত্রীর বাস
শেষ আপডেট: 18 January 2025 19:23
দ্য ওয়াল ব্যুরো: বিয়ে বাড়ি যাওয়ার পথে খাদে পড়ল বাস। ফের সিকিমে পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ জনের। জানা গেছে, পশ্চিম সিকিমের গয়ালশিং এলাকায় ঘটে যায় দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, তাশিদিং-ইয়ুকসোম এলাকার লাংখোলার কাছে আচমকাই বরযাত্রী বোঝাই বাস উল্টে যায়। ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয় বলে খবর।
জানা গেছে, গাড়িটির পিছনের চাকা স্লিপ খেতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর ৫০০ ফুট খাদে পড়ে সেটি। খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ পৌঁছে উদ্ধারকাজ শুরু করলেও পাঁচ জনকে কোনওভাবেই বাঁচানো যায়নি। স্থানীয়রা জানিয়েছেন বাসটি সিকিমেরই।
পুলিশ সূত্রে খবর মৃতদের নাম, অভিষেক দাহাল, অভি কিশোর দাহাল, চন্দ্র বাহাদুর মাঙ্গার, কর্ণ বাহাদুর গুরুং ও জীবন কার্কি। সবাই আপার আরিথাংয়ের বাসিন্দা ছিলেন বলে খবর।
শুক্রবার সন্ধেয় বাসটি গেথাং থেকে আপার চোরাংয়ের দিকে যাচ্ছিল। তখনই ঘটে যায় দুর্ঘটনা। খাদে পরে গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী পিএস তামাং।
বাসটিতে মোট কতজন ছিলেন তা এখনও জানা যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। গত মাসে পাকিওং জেলায় এক বাস দুর্ঘটনায় প্রাণ হারান কলকাতার বাসিন্দা এক মহিলা ও তাঁর দুবছরের মেয়ে। তারপর ফের সিকিমে ঘটে গেল দুর্ঘটনা।