
মথুরার ইন্ডিয়ান অয়েল রিফাইনারি
শেষ আপডেট: 13 November 2024 13:25
দ্য ওয়াল ব্যুরো: দুর্ঘটনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না উত্তর প্রদেশের। এবার মথুয়ায় ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে ভয়াবহ বিস্ফোরণ! অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন কমপক্ষে আট কর্মী। তাঁদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে শ্রমিকদের মধ্যে ৩ জনের অবস্থা সঙ্কটজনক বলে খবর।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
সূত্রের খবর, রিফাইনারিতে একটি ভ্যাকুম ইউনিট চালু করার সময়ই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধের দিকে ভ্যাকুম ইউনিটের সামনে অনেক শ্রমিক কাজ করছিলেন। সে সময় বিস্ফোরণ হয়। তীব্রতা বেশি থাকার কারণে অনেকেই ছিটকে পড়েন। ঝলসেও যান অনেকেই। আচমকা এমন কাণ্ডে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। এরপর ঘটনাস্থল থেকে ১২ জন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছে।
প্রাথমিক চিকিৎসার পর চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের আঘাত গুরুতর নয়। কিন্তু বাকি আটজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। এদের মধ্যে তিনজনের অবস্থা সঙ্কটজনক। তাঁদের শরীরের প্রায় ৬৫ শতাংশ পুড়ে গিয়েছে বলে খবর। বাকি চার জনের দেহের ৪০ শতাংশ পুড়ে গিয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এদিন ইভিইউ ইউনিট বন্ধই ছিল। রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। মেশিন চালু করতেই বিস্ফোরণ হয়। আশেপাশে যারা কাজ করছিলেন কয়েক কিলোমিটার দূরে ছিটকে পড়েন।
সোমবারও ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে বিস্ফোরণ হয়। সেটা ছিল গুজরাতের ভাদোদরা ইউনিট। রিফাইনারির স্টোরেজ ট্যাঙ্কে আগুন লেগেছিল বলেই খবর। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হননি।