বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর (CEO) এই তথ্য জানিয়েছে। ৩০ সেপ্টেম্বর প্রকাশিত এই তালিকা কমিশনের ওয়েবসাইটে (voters.eci.gov.in) গিয়ে খতিয়ে দেখতে পারবেন ভোটাররা।

ফাইল ছবি
শেষ আপডেট: 30 September 2025 21:07
দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা (Bihar Election) নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision বা SIR) প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর মঙ্গলবার প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List)। নতুন তালিকায় প্রায় ৪৭ লক্ষ নাম মুছে ফেলা হয়েছে।
বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর (CEO) এই তথ্য জানিয়েছে। ৩০ সেপ্টেম্বর প্রকাশিত এই তালিকা কমিশনের ওয়েবসাইটে (voters.eci.gov.in) গিয়ে খতিয়ে দেখতে পারবেন ভোটাররা।
শুধু পাটনা জেলাতেই ভোটারের সংখ্যা বেড়েছে। অগস্টের খসড়া তালিকায় পাটনায় ছিল ৪৬,৫১,৬৯৪ ভোটার। সংশোধনের পর সেই সংখ্যা দাঁড়িয়েছে ৪৮,১৫,২৯৪। অর্থাৎ বাড়ল ১,৬৩,৬০০ ভোটার।
এই ব্যাপক নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরব বিরোধীরা। তাঁদের অভিযোগ, দরিদ্র ও সংখ্যালঘু ভোটারদের টার্গেট করে পরিকল্পিতভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব এই প্রক্রিয়াকে সরাসরি “ভোট চুরি” বলে আখ্যা দিয়েছেন। তাঁরা যৌথভাবে “ভোটার অধিকারের যাত্রা” কর্মসূচিও শুরু করেছেন।
মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচি স্পষ্ট জানিয়েছেন, অনিয়ম প্রমাণিত হলে কমিশনের ভোটার তালিকা বাতিল করতে পিছপা হবেন না। তাঁরা জোর দিয়েছেন, গণহারে বাদ দেওয়ার বদলে গণহারে অন্তর্ভুক্তিই হওয়া উচিত। আগামী শুনানি ৭ অক্টোবর।
অন্যদিকে, বিজেপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সংশোধন প্রক্রিয়ার পক্ষে সওয়াল করেছেন। তাঁদের বক্তব্য, এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে “অনুপ্রবেশকারীদের” নাম বাদ দেওয়া হয়েছে, যাঁদের রক্ষা করার চেষ্টা করছে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট।
প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং দুই কমিশনার আগামী ৪-৫ অক্টোবর বিহার সফরে যাচ্ছেন। তার আগে ৩ অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত হবে নির্বাচনী পর্যবেক্ষকদের বৈঠক। সূত্রের খবর, ৬ বা ৭ অক্টোবরের মধ্যেই নির্বাচনের সূচি ঘোষণা হতে পারে। উল্লেখ্য, বিহার বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে ২২ নভেম্বর।