
প্রতীকী ছবি
শেষ আপডেট: 29 March 2025 18:10
দ্য ওয়াল ব্যুরো: মীরাটে প্রেমিকের সাহায্যে স্বামীকে খুনের ঘটনায় সাড়া পড়ে গিয়েছে দেশে। সেই ঘটনায় আতঙ্কে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছেন ভুক্তভোগী এক স্বামী। এমনই চমকে দেওয়া ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহর। স্বামীর আশঙ্কা মীরাটের বাণিজ্যতরীর অফিসারের মতো তাঁর কপালেও জুটতে পারে মৃত্যুর ফতোয়া। কারণ, তাঁর স্ত্রীর একাধিক প্রেমিক রয়েছে।
গোয়ালিয়রের ওই ব্যক্তির নাম অমিতকুমার সেন। তাঁর অভিযোগ, স্ত্রীর বেশ কয়েকজন ছেলে বন্ধু আছে। বর্তমানে তাঁর স্ত্রী তাদেরই একজনের সঙ্গে সহবাস থাকেন। তিনি প্রতিবাদ করলে স্ত্রীর প্রেমিক তাঁকে খুনের হুমকি দিয়েছে। অমিত সেনের বাড়ি গোয়ালিয়রের মেহেন্দিওয়ালা সইদ এলাকায়। অমিতের অভিযোগ, বিয়ের পরেও স্ত্রী অসংখ্য ছেলে বন্ধুর সঙ্গে সম্পর্ক রেখে চলে। বর্তমানে সে রাহুল বাঠাম নামে এক যুবকের সঙ্গে থাকে।
শুধু তাই নয়, স্ত্রী যাওয়ার সময় ছোট ছেলেকে সঙ্গে করেও নিয়ে গিয়েছে। ওরা দুজনে মিলে বড় ছেলেকে খুন করেছে বলেও তাঁর অভিযোগ। এই অবস্থায় অমিত শহরের ব্যস্ত রাস্তায় প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য। যাতে লেখা রয়েছে, সিএম স্যার, আমার স্ত্রীকে শাস্তি দিন।
এলাকাটি জনকগঞ্জ থানার অধীনে পড়ে। থানা সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি। তিনি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ পদক্ষেপ নেবে। অমিত অবশ্য জানিয়েছেন, তিনি বারবার পুলিশের কাছে অভিযোগ জানালেও তারা কোনও ব্যবস্থা নেয়নি। অমিতের দাবি, তাঁর বড় ছেলে হর্ষের মৃত্যুর জন্য দায়ী তাঁর স্ত্রী ও রাহুল। দেশের চারদিকে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে স্বামীকে খুনের ঘটনা সামনে আসায় তিনিও খুন হয়ে যাওয়ার ভয় পাচ্ছেন। তাই তিনি বিচার ও নিরাপত্তার আশায় মুখ্যমন্ত্রী মোহন যাদবের দৃষ্টি আকর্ষণের চেষ্টায় রয়েছেন।