
প্রতীকী ছবি
শেষ আপডেট: 19 February 2025 14:00
দ্য ওয়াল ব্যুরো: নাবালক ছেলের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন মহম্মদ আলিম। কদিন আগে ছেলে তাঁর জামার পকেট থেকে কিছু টাকা চুরি করেছিল। তার জন্য বকাবকি করেছিলেন তিনি। তবে তার পরিণতি যে এমন হবে, তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি আলিম। ১৪ বছরের ছেলেই তাঁকে জ্যান্ত পুড়িয়ে মারল! ঘটনাটি ঘটেছে ফরিদাবাদের অজয় নগরে।
বাড়ির মালিক রিয়াজুদ্দিন পুলিশকে জানিয়েছেন, মাঝরাতে প্রবল চিৎকার শুনে তাঁর ঘুম ভেঙে গেছিল। পুরোপুরি সম্বিৎ ফিরলে তিনি খেয়াল করেন চিৎকার তাঁর চিলেকোঠার ঘর থেকে আসছে। ওই ঘরেই ছেলের সঙ্গে ভাড়া থাকতেন আলিম। সঙ্গে সঙ্গে তিনি ছাদে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ছাদের দরজা বন্ধ ছিল। এই সময়ে তিনি এক প্রতিবেশীর সাহায্য নিয়ে বাড়ির ছাদে উঠেছিলেন।
রিয়াজুদ্দিন জানান, ছাদে উঠে তিনি দেখতে পান ওই ঘর থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে। তার সঙ্গে চিৎকার শোনা যাচ্ছে আলিমের। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করা। এরপর ঘরের কাছে পৌঁছে তার দরজা খোলেন তিনি। দেখেন, দগ্ধ অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন আলিম। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। এদিকে তাঁর ছেলে ছাদ টপকে তাঁদেরই সামনে পালিয়ে যায়। যদিও তাকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ।
জেরায় নাবালক জানিয়েছে, বাবার গায়ে পেট্রোল ঢেলে সে আগুন ধরিয়ে দিয়েছিল। তাঁর পকেট থেকে টাকা নেওয়ার জন্য বকাবকির কারণেই সে রাগের বশে এই কাজ করেছে বলে জানিয়েছে। প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে ফরিদাবাদে তাঁর ছেলের সঙ্গে এসেছিলেন আলিম। অনেক বছর আগে তাঁর স্ত্রী মারা গেছিলেন এবং বাকি চার ছেলে বিয়ের পর আলাদা থাকেন।